সিলেট সদর উপজেলার কুমারগাঁও মৌজায় টিলা কাটার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার সিলেট মহানগরের জালালাবাদ থানায় এ মামলা করেন পরিবেশ অধিদপ্তরের সিলেট জেলা কার্যালয়ের পরিদর্শক মামুনুর রশিদ।
পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে মামলাটি করা হয়েছে জানিয়ে মামুনুর রশিদ বলেন, তদন্ত শেষে পরিবেশ অধিদপ্তরের এক কর্মকর্তা এ বিষয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করবেন। মামলার প্রধান আসামি সিলেট নগরের হাওয়াপাড়া এলাকার বাসিন্দা ও টিলার মালিক মালিকুজ্জামান।
অন্য আসামিরা হলেন- তারাপুর চা-বাগানের স্টার টি স্টেটের ব্যবস্থাপক ও প্রধান সমন্বয়ক রিংকু চক্রবর্তী, মোহাম্মাদীয়া এলাকার জাবেদ, হালেদ ও জাহাঙ্গীর, দুসকি এলাকার আমির হামজা ও সেলিম, মোহাম্মাদীয়া এলাকার বিল্লাল, দুসকি এলাকার কয়েছ আহমেদ এবং মোহাম্মাদীয়া এলাকার জুবায়ের আহমেদ ও রাজু আহমেদ। এছাড়া আরও ছয় থেকে সাতজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
এজাহারে বলা হয়, ৮ সেপ্টেম্বর গোপন অভিযোগের ভিত্তিতে সিলেট মহানগর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলীম উল্লাহ খানের নেতৃত্বে কুমারগাঁও মৌজার ৪৬৬ নম্বর খতিয়ানের ২১৯২ নম্বর দাগের অন্তর্গত টিলা সরেজমিন পরিদর্শন করা হয়। পরিদর্শনে টিলা কাটা ও মাটি অপসারণের প্রমাণ মেলে। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।
স্টাফ রিপোর্টার




















