ঠাকুরগাঁওয়ে গরু ব্যবসায়ী ইকরামুল হকের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রবিবার (৬ অক্টোবর) দিবাগত রাত ২ টার দিকে রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের গোগর মাঝাটোলা গ্রামের ইকরামুল হকের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। চোরেরা তার বাড়ি থেকে নগদ আড়াই লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে বলে জানান ক্ষতিগ্রস্ত ইকরামুল।
ইকরামুল হক আরো বলেন, রবিবার রাত সাড়ে ১০ টার দিকে আমি ও আমার পরিবারের লোকজন রাতে খেয়ে দেয়ে ঘরে ঘুমাইয়া পড়ি। পরদিন ভোর ৫ টার দিকে ঘুম থেকে জেগে দেখি বাড়ির প্রতিটি কক্ষের আলমারি ও ওয়ারড্রব খোলা, কাপড়-চোপড়, আসবাবপত্র তছনছ অবস্থায় পড়ে আছে। এরপর দেখতে পাই আলমিরায় রাখা আড়াই লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণালঙ্কার নেই, চুরি হয়ে গেছে।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরশেদুল হক বলেন, চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।




















