ওসমানীনগরে চুরির অভিযোগে শিশুর মাথা ন্যাড়া করে নির্যাতন, আটক ২

  • প্রকাশের সময় : ১৬/১০/২০২৫ ০৬:৩৩:৫৫ PM

শিশুটিকে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে

Share
62

সিলেটের ওসমানীনগর উপজেলায় সুপারি চুরির অভিযোগে দশ বছরের এক শিশুর মাথা ন্যাড়া করে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

শিশুটিকে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে; যা নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার মান্দারুকা গ্রাম থেকে তাদের আটক করা হয় বলে জানান ওসমানীনগর থানার ওসি মো. মোনায়েম মিয়া।

আটকরা হলেন- বিশ্বনাথ উপজেলার নিয়ামতপুর পশ্চিমপাড়া গ্রামের আসাদ আলীর ছেলে আব্দুর রহমান (২৭) এবং ওসমানীনগর উপজেলার সৈয়দ মান্দারুকা গ্রামের গেদাব আলীর ছেলে নাঈম আহমদ (২২)।

ওসি মোনায়েম মিয়া বলেন, “আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় জড়িত অন্যদেরও আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।”

পুলিশ জানায়, ১১ অক্টোবর সন্ধ্যার দিকে উপজেলার সৈয়দ মান্দারকা গ্রামের আব্দুস সোবানের ছেলে আব্দুল কাইয়ুয়ের বাড়ির গাছ থেকে সুপারি চুরির অভিযোগে ওই কিশোরকে আটক করা হয়। পরে রশি দিয়ে শিশুটির হাত-পা বেঁধে নির্যাতন করা হয়। নির্যাতনের এক পর্যায়ে তার মাথার কিছু অংশ ন্যাড়া করে দেওয়া হয়।

নির্যাতনের ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ালে দ্রুত ভাইরাল হয়। তাৎক্ষণিক বিষয়টি নজরে এলে দুইজনকে আটক করে পুলিশ।


সিলেট প্রেস / ১৬ অক্টোবর ২০২৫/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৫-১০-১৬ ১৮:৩৩:৫৫