সিলেট মহানগর এলাকায় ফুটপাত দখল করে দোকানপাট স্থাপন, যানবাহন পার্কিং বা অন্য যেকোনোভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা কঠোরভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
বৃহস্পতিবার রাত ১টা ২০ মিনিটে এসএমপির ভেরিফায়েড ফেসবুক পেজে জনসাধারণের উদ্দেশে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে— মহানগর এলাকার সকল ফুটপাত জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত রাখতে হবে। ফুটপাত বা সড়কে কোনো প্রকার স্থায়ী বা অস্থায়ী দোকান, যানবাহন বা অন্যান্য স্থাপনা রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, সিলেট মেট্রোপলিটন পুলিশ আইন ২০০৯-এর ২৭(১) ধারা অনুযায়ী ফুটপাত ও সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি দণ্ডনীয় অপরাধ। তাই অবৈধভাবে ফুটপাত ও সড়ক দখলকারীদের দ্রুত স্থাপনা অপসারণের অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
এসএমপি জানায়, নাগরিকদের স্বাচ্ছন্দ্যে চলাচল নিশ্চিত করতে এবং শহরের শৃঙ্খলা বজায় রাখতে এই নির্দেশ জারি করা হয়েছে। জনস্বার্থে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পক্ষ থেকে এ আদেশ কার্যকর করার বিষয়টি গুরুত্বসহকারে তদারকি করা হবে।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে সিলেট নগরীর বিভিন্ন এলাকায় ফুটপাত দখল করে দোকান ও পণ্যের প্রদর্শনী, পাশাপাশি যানবাহনের অবৈধ পার্কিংয়ের কারণে পথচারীদের ভোগান্তি বেড়ে চলেছে। এসএমপির এ পদক্ষেপে নগরবাসী আশাবাদী, এতে শহরের ফুটপাত ও সড়ক ব্যবহারে শৃঙ্খলা ফিরবে।
স্টাফ রিপোর্টার




















