ঠাকুরগাঁওয়ের হরিপুরে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ফারুক আহমেদ (১৬) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় উপজেলার মানিকখাড়ি নাগর নদীতে এ ঘটনা ঘটে। মৃত ফারুক আহমেদ আমগাঁও ইউনিয়নের নীলগাঁও গ্রামের আব্দুল আজিজের ছেলে ও বেলুয়া হাইস্কুলের ১০ম শ্রেণির ছাত্র। হরিপুর ফায়ার সার্ভিসের লিডার মোঃ শামীম এ তথ্য নিশ্চিত করেন।
স্থানীয়রা জানায়, ঘটনার দিন দুপুরে ফারুক তার দু' সম্পর্কিত চাচা আমিরুল ও শাহীনসহ নাগর নদীর মানিকখাড়ি ঘাটে গোসল করতে যায়। গোসল করার এক পর্যায়ে ফারুক নদীর পানিতে তলিয়ে যায়। এসময় আমিরুল ও শাহীন স্থানীয়দের সহযোগিতায় অনেক খোঁজাখুঁজি করে তার মরদেহ উদ্ধার করে। একই সময় হরিপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ হেফাজতে নেন। হরিপুর ফায়ার সার্ভিস লিডার মোঃ শামীম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়েছি। এলাকার লোকজনের সহযোগিতায় লাশ উদ্ধার করা হয়েছে।
হরিপুর থানার ওসি জাকারিয়া মন্ডল বলেন, মৃতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।




















