ডিভাইস নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ: বারবার কাশি দিয়ে ধরা পড়লেন চাকরিপ্রার্থী

  • প্রকাশের সময় : ২৫/১০/২০২৫ ০৯:৫৮:১৫ PM

ছবি-প্রতিনিধি

Share
42

দিনাজপুরে খাদ্য অধিদপ্তরের চাকরির পরীক্ষায় ডিভাইস ব্যবহার করে অংশগ্রহণ করেন কৃষ্ণকান্ত রায় (২৫)। কিন্তু পরীক্ষার হলে পরপর কয়েকবার কাশি দিচ্ছিলেন এক পরীক্ষার্থী। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় ওই পরীক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তল্লাশি করা হয়। পরে তার কাছ থেকে দুটি ডিভাইস উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ক্ষুদ্রাকৃতির গোল ডিভাইসটি তার কানের ভেতর বিশেষ প্রক্রিয়ায় যুক্ত ছিল। অন্যটি সাঁটানো ছিল স্যান্ডো গেঞ্জির সঙ্গে। পরীক্ষায় জালিয়াতির অভিযোগে তাকে তাৎক্ষণিক আটক করেছে পুলিশ।


শনিবার (২৫ অক্টোবর) সকাল সোয়া ১০ টার দিকে দিনাজপুর শহরের কসবা এলাকায় খাদ্য অধিদপ্তরের ‘উপখাদ্য পরিদর্শক’ পদের চাকুরি পরীক্ষায় কেরী মেমোরিয়াল হাই স্কুল কেন্দ্রে এ ঘটনা ঘটে।


আটক কৃষ্ণকান্ত রায় তিনি বিরল উপজেলার সিঙ্গুল পূর্ব রাজারামপুর গ্রামের বাসিন্দা। গত বছর স্নাতক সম্পন্ন করেন। দিনাজপুর শহরের ফকিরপাড়া এলাকায় একটি ছাত্রাবাসে ভাড়া থাকতেন।


পুলিশ ও কেন্দ্র সূত্রে জানা যায়, জিজ্ঞাসাবাদে কৃষ্ণকান্ত রায় চাকরির পরীক্ষায় জালিয়াতির কথা স্বীকার করেছেন। প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে যুক্ত ঢাকার একটি চক্রের মাধ্যমে এসব ডিভাইস নিয়ে পরীক্ষায় বসেছিলেন। যোগাযোগ ডিভাইসের অন্য প্রান্ত থেকে তাকে বলা হয়েছিল, প্রশ্নের সেট ‘পদ্মা’ হলে যেন কাশি দেন। বিষয়টি বুঝতে না পেরে বারবার কাশি দিতে গিয়ে ধরা পড়েন তিনি।


বিষয়টি নিশ্চিত করে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আনোয়ার হোসেন বলেন, একটি চক্রের মাধ্যমে ওই শিক্ষার্থী এ ডিভাইস ব্যবহার করছিল। প্রশ্নফাঁস ও ডিভাইসের মাধ্যমে উত্তর বলে দেয়া চক্রটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে তদন্ত কার্যক্রম চলছে। ইতিমধ্যেই সবুজ ও মামুন নামে আরও দুইজনকে আটক করা হয়েছে। এটি বড় একটি চক্র। পুরো চক্রকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


সিলেট প্রেস / এল


কমেন্ট বক্স
নিজস্ব প্রতিবেদক:

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশ: ২০২৫-১০-২৫ ২১:৫৮:১৫