ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সার বিক্রির অনিয়ম করার অপরাধে এক ডিএডিসি ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৭ টার দিকে পৌর শহরের মেসার্স আলাউদ্দীন ট্রেডার্সে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান।
জানা যায়, চলতি নভেম্বর মাসে মেসার্স আলাউদ্দীন ট্রেডার্সের নামে সরকারি বরাদ্দের সার নিয়ম অনুযায়ী সার নির্ধারিত কৃষকদের মধ্যে বিতরণের নির্দেশনা দেন উপজেলা কৃষি অফিস। কিন্তু ডিলার আলাউদ্দিন সেই নির্দেশনা অমান্য করে কিছু নির্দিষ্ট ব্যক্তির কাছে সার বিক্রি করে দেন। পরদিন সকালে কৃষকেরা সার নিতে গেলে আলাউদ্দীন জানান, সার শেষ হয়ে গেছে। এতে ক্ষুব্ধ কৃষকেরা বিষয়টি উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলামকে অবহিত করেন। পরে কৃষি কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে বিক্রির ক্যাশ মেমো ও হিসাবপত্রে গরমিল পান। তাৎক্ষণিক তিনি উপজেলা প্রশাসনকে জানান পরে ওই দোকানে গিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান আলাউদ্দীন ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান বলেন, সার বিক্রিতে অনিয়ম করায় আলাউদ্দীন ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।




















