ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের রাণীশংকৈল দাখিল মাদ্রাসা চত্বরে সোমবার দিবাগত রাতে (১৮ নভেম্বর) ২টি বড় কাঁঠাল গাছ কেটে ফেলা হয়েছে। এ নিয়ে ওইদিন ওই মাদ্রাসার জমিদাতা ও সাবেক সভাপতি আইয়ুব আলী উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে সরেজমিনে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ সময় অভিযোগকারি আইয়ুব আলীও ঘটনাস্থলে ছিলেন। দেখা যায়, মাদ্রাসা চত্বর থেকে একটি গাছ কেটে এর আগেই সরিয়ে ফেলা হয়েছে। একটি গাছ কাটা অবস্থায় ঘটনাস্থলে আছে। এ সময় মাদ্রাসায় উপস্থিত সুপার মৌলানা আজিম উদ্দিন এ বিষয়ে বলেন, আসলে মাদ্রাসার নূতন একাডেমিক ভবন (১৩০ ফুট/৪৫ ফুট) ভবন নির্মাণের জন্য জায়গা খালি করতে ইঞ্জিনিয়ারের পরামর্শে এ গাছ কাটা হয়েছে। এ গাছের কাঠ দিয়ে মাদ্রাসার প্রয়োজনীয় আসবাবপত্র তৈরি করা হবে। এ গাছ কাটার কোনো রেজুলেশন ও প্রশাসনিক অনুমতি আছে কিনা জানতে চাওয়া হলে সুপার বলেন, এ বিষয়ে আমাদের কমিটির রেজুলেশন আছে এবং এ বিষয়ে ইউএনও মহোদয়কে জানিয়েছি। তবে তাৎক্ষণিকভাবে সুপার এ বিষয়ের কোনো কাগজপত্র দেখাতে পারেননি।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান বলেন, ওই মাদ্রাসার গাছ কাটা নিয়ে অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।




















