সিলেটে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সড়ক ও জনপথের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের কয়েক ঘণ্টার মধ্যে ফের সেই জমি দখল করে বাঁশ দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগ উঠেছে।
ঘটনাটি তেমুখী এলাকার শাহজালাল ৩য় সেতুর এপ্রোচ সড়কের পাশের একটি জমিতে ঘটেছে। বুধবার তেমুখি ও লামাকাজি এলাকায় অভিযান পরিচালনা করে সড়ক ও জনপথ বিভাগ, পুলিশ, সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় অবৈধভাবে নির্মিত আধাপাকা একটি স্থাপনা উচ্ছেদ করা হয়।
সিলেট জেলা আয়কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি অধ্যাপক মো. শফিকুর রহমান অভিযোগ করেন, উচ্ছেদের কয়েক ঘণ্টার মধ্যেই ওই জমি পুনরায় দখল করে বাঁশ দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। তিনি জানান, ওই এলাকায় তার প্রায় ১৩ শতক জমি রয়েছে, যা সড়ক ও জনপথের জায়গা পেরিয়ে যেতে হয়।
শফিকুর রহমান বলেন, ‘২০০৯ সালে আমি ইজারার মাধ্যমে সড়ক পেরিয়ে আমার জমিতে যাতায়াতের রাস্তা ব্যবহার করছিলাম। কয়েক বছর আগে ইজারার মেয়াদ শেষ হলে নবায়নের জন্য আবেদন করি। এ সুযোগে স্থানীয় ব্যক্তি শেখ ওসমান হারুন পনির ওই জায়গায় পাকা স্থাপনা নির্মাণ করেন। ২০২৪ সালে আমি উচ্চ আদালতে রিট পিটিশন করলে আদালত উচ্ছেদের নির্দেশ দেন। বুধবার সেই নির্দেশনায় অভিযান চালানো হয়, কিন্তু রাতেই জমি ফের দখল করা হয়েছে।’
তিনি আরও জানান, উচ্ছেদকৃত জমি ফের দখল হওয়ায় তিনি নিজের জমিতে যেতে পারছেন না এবং এ বিষয়ে পুনরায় উচ্চ আদালতের দ্বারস্থ হবেন।
অভিযোগ প্রসঙ্গে বুধবার সন্ধ্যায় শেখ ওসমান হারুন পনিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।




















