ঠাকুরগাঁও–২ (বালিয়াডাঙ্গী–হরিপুর) আসনের বিএনপির স্বতন্ত্র প্রার্থী জুলফিকার মর্তুজা চৌধুরী তুলা তাঁর প্রার্থিতা প্রত্যাহার করেছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতা প্রত্যাহার করেন।
মনোনয়নপত্র প্রত্যাহারের পর জুলফিকার মর্তুজা চৌধুরী তুলা গণমাধ্যমকে বলেন, ‘দলের সিদ্ধান্ত এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পরামর্শ অনুযায়ী আমি স্বেচ্ছায় প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছি। দলের স্বার্থে যেকোনো ত্যাগ স্বীকার করতে আমি প্রস্তুত।’
বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ইশরাত ফারজানার হাতে তিনি তার মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদনপত্রটি তুলে দেন।
মনোনয়নপত্র প্রত্যাহারের সময় জুলফিকার মর্তুজা চৌধুরী তুলার সঙ্গে উপস্থিত ছিলেন- ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন সহ দলের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা। জেলা বিএনপির পক্ষ থেকে এই সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জুলফিকার মর্তুজা চৌধুরী তুলা সরে দাঁড়ানোয় ঠাকুরগাঁও-২ আসনে বর্তমানে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ায় এখন প্রতীক বরাদ্দের পর শুরু হবে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা।




















