জুলাই সনদ বাস্তবায়ন ও ন্যায়বিচারের দাবিতে পরিবহন শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ ও সমাবেশ

  • প্রকাশের সময় : ১৯/০৭/২০২৬ ০৭:৩৬:৩৫ PM

Share
5

বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ কবির আহমদ বলেছেন, জুলাই বিপ্লবের চেতনা ও 'জুলাই সনদ' পুরোপুরি বাস্তবায়ন করতে হবে। বর্তমান সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করে টালবাহানা শুরু করেছে। জুলাই সনদ বাস্তবায়ন না করলে স্বৈচারী শেখ হাসিনার মতো এই সরকারেরও একই পরিণতি হবে।


তিনি বলেন, আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন, তাদের প্রত্যেকের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানসহ দোষীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক ন্যায়বিচার নিশ্চিত করার জোর দাবি জানান তিনি। অন্যথায় পরিবহন শ্রমিকরা রাজপথে আরও কঠোর আন্দোলন গড়ে তুলবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।


তিনি আরো বলেন, জুলাই বিপ্লবে ছাত্র-জনতার পাশাপাশি পরিবহন শ্রমিকদের অবদান ও আত্মত্যাগ কোনো অংশে কম ছিল না। অথচ আজ পর্যন্ত শ্রমিকদের সেই ত্যাগের সঠিক মূল্যায়ন করা হয়নি। আমরা স্পষ্ট করে বলতে চাই, জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত পরিবহন শ্রমিকরা ঘরে ফিরে যাবে না।


তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আন্দোলনে যারা সাধারণ মানুষের ওপর গুলি চালিয়েছে, যারা আমাদের ভাইদের রক্তে রাজপথ রঞ্জিত করেছে, তারা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। অনতিবিলম্বে এসব খুনি ও দোসরদের গ্রেপ্তার করে ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে। আহত শ্রমিকদের চিকিৎসার সমস্ত ব্যয়ভার রাষ্ট্রকে বহন করতে হবে এবং পঙ্গুত্ব বরণকারী শ্রমিকদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।


রবিবার (১৯ জুলাই) বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে জুলাই সনদ বাস্তবায়ন এবং শহীদ ও আহতদের ন্যায় বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল এবং জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। দক্ষিণ সুরমার কদমতলী বাস টার্মিনালের সামন থেকে সকাল ১১টায় বিক্ষোভ মিছিল শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোটাটিকর এলাকায় একটি কমিউনিটি সেন্টারে গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের সিলেট অঞ্চলের সভাপতি, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজুর সভাপতিত্বে ও পরিবহন নেতা ও মহানগর সহ-সভাপতি মুহাম্মদ নজরুল ইসলামেরা পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট মহানগরের উপদেষ্টা মুহাম্মদ ফখরুল ইসলাম, জেলার উপদেষ্টা মাওলানা হাবিবুর রহমান, সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ও  বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা লোকমান আহমদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের অঞ্চল সহকারী হাফিজ মাওলানা ফারুক আহমদ।


সমাবেশে আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা সভাপতি মমতাজুল হাসান আবেদ, পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি দুলাল আহমদ, সিলেট জেলার সভাপতি মাওলানা আতিকুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন, পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাদল হোসেন, মহানগর সহ-সভাপতি মিয়া মুহাম্মদ রাসেল ও সাধারণ সম্পাদক কাওছার আহমদ।


এছাড়াও পরিবহন ও শ্রমিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মাহমুদ আলী, শামসুল ইসলাম মানিক, শিহাব উদ্দিন, আয়ুব আলী, আব্দুল আজিজ, শাহ আলম, মকসুদ আহমদ, আব্দুল মান্নান, মহানগর শ্রমিক সহ-সাধারণ সম্পাদক কফিল উদ্দিন আলমগীর, আক্কাস আলী, দিলশাদ মিয়া, নাজমুল ইসলাম, মনসুর আহমদ, সুমন চৌধুরী, তৌফিক আহমদ, আমিনুল ইসলাম প্রমুখ।


সিলেট প্রেস / aa


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৬-০৭-১৯ ১৯:৩৬:৩৫