ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় গভীর রাতে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে শহিদুল ইসলাম (শহীদ) নামে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শকের মৃত্যু হয়েছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া সরদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম পীরগঞ্জ থানায় কর্মরত ছিলেন।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার গভীর রাতে পীরগঞ্জ থানার একদল পুলিশ সদস্য ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে সেনুয়া গ্রামে অভিযানে যান। সেখানে এক আসামিকে গ্রেফতার করে পুলিশের গাড়িতে তোলার সময় এএসআই শহিদুল ইসলাম হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামি ধরার পর গাড়িতে ওঠার সময় শহিদুল ইসলাম হঠাৎ অসুস্থবোধ করেন। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত বলে জানান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে।




















