ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে প্রচন্ড ঝড়-বৃষ্টিতে ঘরের দেয়াল ভেঙে পড়ে রেজোয়ান হোসেন (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। তাছাড়া প্রচন্ড ঝড়ে ওই এলাকায় হেলে পড়েছে বিভিন্ন গাছপালা। বৃহস্পতিবার (১২ মার্চ) গভীর রাতে উপজেলার নেকমরদ ইউনিয়নের কুমারগঞ্জ গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নেকমরদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল হোসেন এই ঘটনাটি নিশ্চিত করেছেন।
নিহত রেজোয়ান ওই গ্রামের তাহেরুল ইসলামের একমাত্র ছেলে এবং সে নেকমরদ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার দিন রাত ১টার দিকে আকস্মিক প্রবল ঝড়ে তাহেরুলের ঘরের টিনের চালা উড়ে যায়। এ সময় ইটের দেয়ালের উপরের অংশ ভেঙে ঘরে ঘুমন্ত রেজোয়ানের গায়ের ওপর পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে রাণীশংকৈল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখ জনক, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারকে সহযোগিতা করা হবে।




















