নিজেদের দিনে ব্রাজিল কতটা ভয়ংকর হতে পারে তা টের পেয়েছে পানামা। একটি কিংবা দুইটি নয়, এদিন সেলেসাওরা পানামার জালে বল পাঠিয়েছে ছয়বার। ম্যাচ জিতেছে ৬-২ ব্যবধানে। ব্রাজিলের এমন পারফরম্যান্স বিশ্বকাপের আগে প্রতিপক্ষদের শক্তিমত্তার জানান দেওয়া। এদিন ব্রাজিলের হয়ে গোলের দেখা পান ভিনিসিয়ুস জুনিয়র, ক্যাসেমিরো, রায়ান, ইগর থিয়াগো, পাকুয়েতা, দানিলো।
পানামার বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ব্রাজিল। আর সেটির ফল পেতেও বেশি অপেক্ষা করতে হয়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। দ্বিতীয় মিনিটে ব্রাজিলের হয়ে গোলের দেখা পান ভিনিসিয়ুস জুনিয়র। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখা সম্ভব হয়নি। পানামার মাইকেল মুরিলোর একটি ফ্রি-কিক ব্রাজিলের মাথিউস কুনহার গায়ে লেগে ডিফ্লেক্টেড হয়ে জালে জড়ালে ১-১ গোলে সমতা ফেরে ম্যাচে। অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরোর দুর্দান্ত এক গোলে আবারও এগিয়ে যায় স্বাগতিকরা। ২-১ ব্যবধানে লিড নিয়েই প্রথমার্ধ শেষ করে সেলেসাওরা।
ম্যাচের দ্বিতীয়ার্ধেও অব্যাহত থাকে ব্রাজিলের দাপট। রীতিমতো ঝড় তোলে পানামার রক্ষণভাগের ওপর। প্রতিপক্ষের ডিফেন্সের ভুলের সুযোগ কাজে লাগিয়ে গোল করেন তরুণ ফরোয়ার্ড রায়ান। ব্রাজিলের হয়ে এদিন গোল করেন পাকেতাও। পানামার কর্দোবার গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায় তার বল।
ম্যাচের শেষের দিকে পেনাল্টি থেকে ঠাণ্ডা মাথার ফিনিশে ব্রাজিলের হয়ে পঞ্চম গোলটি করেন ইগর থিয়াগো। প্রতিপক্ষের ডি-বক্সে চমৎকার এক টার্ন নিয়ে দারুণ ফিনিশিংয়ে দলের হয়ে শেষ পেরেকটি ঠোকেন ডিফেন্ডার দানিলো। ব্রাজিল এগিয়ে যায় ৬-২ ব্যবধানে। বিশ্বকাপের আগে নিজেদের শক্তি ও কৌশল ঝালিয়ে নেওয়ার সুযোগ দারুণভাবে কাজে লাগিয়েছেন ব্রাজিলের কোচ আনচেলত্তি।
আগামী রোববার (৭ জুন) নিজেদের শেষ প্রীতি ম্যাচে মিশরের মুখোমুখি হবে ব্রাজিল। ১৪ জুন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ মরক্কোর বিপক্ষে খেলবে তারা।
স্পোর্টস ডেস্ক :



















