সিলেটের আধ্যাত্মিক রাজধানী খ্যাত হজরত শাহজালাল (রহ.) মাজারের ৭০০ বছরের ইতিহাসে দ্বিতীয়বারের মতো দানবাক্স ও ঐতিহাসিক ডেকগুলো খুলে প্রকাশ্যে টাকা গণনা শুরু হয়েছে।
প্রথমবার দানবাক্স খোলার মাত্র ১৯ দিনের ব্যবধানে দ্বিতীয় দফায় এই অর্থ গণনার উদ্যোগ নেওয়া হলো।
শনিবার (১১ জুলাই) সকাল ১১টায় মাজারের সার্বিক ব্যবস্থাপনা ও উন্নয়নসংক্রান্ত উচ্চপর্যায়ের কমিটির সদস্যদের উপস্থিতিতে সিলগালা করা দানবাক্স ও ডেকগুলো খোলা হয়। এরপর টাকাগুলো বড় বড় বস্তায় ভরে মাজার প্রাঙ্গণের উন্মুক্ত স্থানে এনে প্রকাশ্যে গণনা শুরু করা হয়।
মাজার কর্তৃপক্ষ ও কমিটি সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৯ জুলাই) মাজারের সার্বিক ব্যবস্থাপনা ও উন্নয়ন সংক্রান্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল। সেই সভার গৃহীত সিদ্ধান্তের প্রেক্ষিতেই আজ শনিবার দানবাক্সগুলো খোলার চূড়ান্ত সিদ্ধান্ত হয়। বর্তমানে শাহজালাল (রহ.) মাজার মাদ্রাসার শিক্ষার্থীদের সহযোগিতায় মাজার মসজিদের আঙিনায় অত্যন্ত স্বচ্ছতার সাথে টাকা গণনার কাজ চলছে।
এর আগে, গত ১২ জুন সিলেটের সাবেক জেলা প্রশাসক মাজার পরিদর্শনে গিয়ে আয়-ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করতে প্রথমবারের মতো দানবাক্স খোলার ঐতিহাসিক ব্যবস্থা করেছিলেন। সে সময় বাক্সগুলো স্থাপনের পর মাত্র চার দিনে রেকর্ড ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া গিয়েছিল। ওই টাকাগুলো বর্তমানে জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে সিলেটের সোনালী ব্যাংকের একটি বিশেষ অ্যাকাউন্টে জমা রাখা হয়েছে।
আজ দ্বিতীয় দফায় গণনাকৃত অর্থও একই নিয়মে নির্ধারিত ব্যাংকের অ্যাকাউন্টে জমা রাখা হবে বলে কমিটি সূত্রে জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মাজার প্রাঙ্গণে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা ও কয়েন গণনার কাজ উৎসবমুখর পরিবেশে চলছিলো।
সিলেটপ্রেস প্রতিবেদক




















