মৌলভীবাজারের রাজনগর উপজেলায় পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকি এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন সাবেক বিজিবি সদস্য মো. অলিউর রহমান।
বুধবার (১৫ জুলাই) বিকেলে মৌলভীবাজার প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে তাদের পারিবারিক জমি দখলের চেষ্টা করছে। একই সঙ্গে তিনি প্রশাসনের কাছে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
লিখিত বক্তব্যে অলিউর রহমান বলেন, রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের জোড়াপুর এলাকায় তাদের পরিবার দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তি ভোগদখল করে আসছে। তবে সম্প্রতি ছয়ফুর রহমান, আলহাজ মিয়া, জিয়াউর রহমান ও মুজিব মিয়াসহ কয়েকজন ব্যক্তি ওই জমি দখলের উদ্দেশ্যে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছেন। অভিযোগ অনুযায়ী, তারা ভয়ভীতি প্রদর্শন করছেন এবং বর্গাচাষীদের জমিতে যেতে বাধা দিচ্ছেন।
তিনি জানান, স্থানীয়ভাবে একাধিকবার সালিশের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি। বরং প্রতিনিয়ত জমি ছেড়ে দেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে। এমনকি গ্রামে বসবাস করতে না দেওয়া এবং প্রাণনাশের ভয়ও দেখানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
অলিউর রহমানের দাবি, গত ৭ মে সকালে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের জমিতে জোরপূর্বক বেড়া নির্মাণের চেষ্টা করে। এতে বাধা দিলে তাকে গালিগালাজ ও হত্যার হুমকি দেওয়া হয়। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
তিনি আরও বলেন, ঘটনার পর রাজনগর থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও তা আমলে নেওয়া হয়নি। অন্যদিকে প্রতিপক্ষের অভিযোগের ভিত্তিতে তাকে, তার বাবা ও মাকে আসামি করে হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়। অভিযোগে তিনি বলেন, তাদের দেওয়া অভিযোগের বিষয়ে কোনো আইনগত ব্যবস্থা নেওয়ার আগেই তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি জানান, মামলার পর তার বাবা-মা আদালত থেকে জামিন পেলেও তাকে প্রায় দুই মাস আইনি প্রক্রিয়ার মধ্যে থাকতে হয়েছে। পরে তিনি উচ্চ আদালত থেকে জামিন পান। এ সময় তার পরিবার সামাজিক, মানসিক ও আর্থিকভাবে চরম সংকটে পড়ে। ভীতির কারণে তার ছোট বোন স্কুলে যেতে এবং পরীক্ষায় অংশ নিতেও পারেনি বলে উল্লেখ করেন তিনি।
এ ছাড়া প্রতিপক্ষ সরকারি সার্ভের খুঁটি উপড়ে ফেলা, তাদের জমিতে জোরপূর্বক বেড়া নির্মাণ, পরিবারের সদস্যদের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে অপপ্রচার চালানো এবং সাক্ষীদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও করেন তিনি।
সংবাদ সম্মেলনে জেলা পুলিশ, জেলা প্রশাসন, সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা ও বিচার বিভাগের প্রতি ৭ মে'র ঘটনার নিরপেক্ষ তদন্ত, তাদের দেওয়া অভিযোগের যথাযথ আইনগত ব্যবস্থা, পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং প্রকৃত সত্য উদঘাটনের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান মো. অলিউর রহমান।
উল্লেখ্য, উল্লিখিত অভিযোগগুলো সংবাদ সম্মেলনে মো. অলিউর রহমানের দেওয়া বক্তব্যের ভিত্তিতে উপস্থাপিত হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।
সিলেটপ্রেস প্রতিবেদক




















