পাথরের বুকে সবুজের হাসি, নতুন রূপে মুগ্ধ জাফলং

  • প্রকাশের সময় : ২৬/০৭/২০২৬ ০৭:০১:৪২ AM

Share
4

পাথরের রাজ্য হিসেবে পরিচিত সিলেটের জাফলং এবার ধরা দিয়েছে এক ভিন্ন রূপে। জাফলং জিরো পয়েন্টের চিরচেনা সাদা পাথরের বুকজুড়ে গজিয়ে উঠেছে নানা ধরনের সবুজ গাছপালা। ধু-ধু পাথরের মাঝে প্রকৃতির এই সবুজের সমারোহ বদলে দিয়েছে জাফলংয়ের পরিচিত সৌন্দর্য, যা দেখতে প্রতিদিনই ভিড় করছেন শত শত পর্যটক।

শুক্রবার (২৪ জুলাই) জাফলং জিরো পয়েন্ট এলাকায় সরেজমিনে দেখা যায়, আকাশছোঁয়া পাহাড়, স্বচ্ছ জলধারা আর সাদা পাথরের মাঝে সবুজ গাছপালার এক মনোমুগ্ধকর দৃশ্য। নদীর বুকে ছড়িয়ে থাকা রঙ-বেরঙের পাথরের ফাঁকে ফাঁকে জন্ম নেওয়া গাছগুলো যেন প্রকৃতির নিজস্ব তুলিতে আঁকা এক জীবন্ত ক্যানভাস। পাথর ও সবুজের এই অনন্য মেলবন্ধন পর্যটকদের মুগ্ধ করছে।

ঢাকা থেকে বেড়াতে আসা পর্যটক মিলন আহমদ বলেন, জাফলংয়ের পাথর, পাহাড় আর স্বচ্ছ জল দেখতে এসেছিলাম। কিন্তু পাথরের বুক চিরে গজিয়ে ওঠা সবুজ গাছপালা দেখে সত্যিই বিস্মিত হয়েছি। এটি আমাদের জন্য বাড়তি প্রাপ্তি। প্রকৃতির এমন সৌন্দর্য আগে দেখিনি।

স্থানীয় নৌকাচালক রহমত আলী জানান, আগে এমন দৃশ্য খুব একটা দেখা যেত না। সাম্প্রতিক সময়ে পাথরের খাঁজে মাটি জমে বিভিন্ন ধরনের গাছপালা বড় হয়ে উঠেছে। এখন পর্যটকরা জিরো পয়েন্টের এই স্থানেই সবচেয়ে বেশি সময় কাটান, ছবি তোলেন এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেন। এতে স্থানীয় নৌকাচালকদের আয়ও কিছুটা বেড়েছে।

স্থানীয়দের মতে, জাফলংয়ের প্রচলিত দর্শনীয় স্থানগুলোর পাশাপাশি পাথরের বুকে জন্ম নেওয়া এই সবুজ প্রকৃতি এখন নতুন আকর্ষণে পরিণত হয়েছে। রুক্ষ পাথরের ওপর সবুজের এই অনন্য সমারোহ প্রকৃতিপ্রেমীদের জন্য জাফলংকে নতুনভাবে আবিষ্কারের সুযোগ করে দিয়েছে।


সিলেট প্রেস / এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৬-০৭-২৬ ০৭:০১:৪২