বছর ঘুরে বাঙালির ঘরে এসেছে বৈশাখ। বর্ষবরণের আয়োজনে কেউই পিছিয়ে নেই। সকাল হতে না হতেই রমনার বটমূল জেগে উঠেছিল এই উৎসবটি বরণ করে নিতে। সকল শ্রেণির মানুষ দিনটি নিজের মতো করে পালন করছেন। বাদ যাননি তারকারাও।
এই দলে রয়েছেন নুসরাত ফারিয়া। পয়লা বৈশাখ নিয়ে কথা বলতে গিয়ে ফারিয়া চলে গেলেন শৈশবে। তিনি জানালেন, এই দিনে বাসায় সবাই মিলে পান্তা-ইলিশ খেতাম। ফারিয়া বলেন, পয়লা বৈশাখ এলে আমরা কমবেশি সব বাঙালিই ছোটবেলায় ফিরে যাই। ছোটবেলায় নববর্ষের প্রথম এই দিনটির সকালে বাড়িতে রেডিও চলত, তাতে শোনা যেত কবিগুরুর সেই গান এসো হে বৈশাখ…।
এই দিনে বাসায় সবাই মিলে পান্তাভাত আর ইলিশ মাছ খেতাম, সে এক অদ্ভুত আনন্দ। তবে আজকে বর্ষবরণের দিনটি ব্যস্ততায় কাটাতে হচ্ছে বলেও জানান এ অভিনেত্রী।
তিনি বলেন, এবার পয়লা বৈশাখে আমি শুটিংয়েই ব্যস্ত, কারণ আমার একটা গান ইদে মুক্তি পাচ্ছে। তাই তারই প্রচারে আপাতত ব্যস্ত থাকতে হচ্ছে আমাকে। ২০১৮ সালে নায়িকার পাশাপাশি গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন ফারিয়া। সেই ধারাবাহিকতায় চতুর্থ গান নিয়ে হাজির হচ্ছেন। গানটির শিরোনাম ‘বুঝি না তো তাই’। বাঁধনের কথায় গানটিতে নুসরাতের সঙ্গে কণ্ঠ দিয়েছেন এর সংগীত পরিচালক বলিউডের নামকরা র্যাপার মুমজি স্ট্রেনজার।
বিনোদন ডেস্ক




















