সিলেটে স্বামীর হাতে স্ত্রী খুন

  • প্রকাশের সময় : ২১/০৭/২০২৩ ১০:২৭:০০ AM

Share
62

সিলেটে শ্বশুড়ের বাসায় গিয়ে স্ত্রীকে খুন করে পালালেন বিশ্বজিৎ দেবনাথ নামে বখাটে যুবক। শুক্রবার (২১ জুলাই) ওই এলাকার বিয়ানী হাউজ নামক ভাড়া বাসা থেকে শিমলা রানীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত শিমলা রানী দেবনাথ (২২)মেজরটিলা ইসলামপুরের নুরপুর নাথপাড়ার জিতেন্দ্র দেবনাথের মেয়ে।অভিযুক্ত বিশ্বজিৎ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার নৃপেন্দ্র দেবনাথের ছেলে।

পুলিশ বলছে, দাম্পত্য কলহের জের ধরে শিমলা রানী দেবনাথকে তার ‘বেকার’ স্বামী বিশ্বজিৎ দেবনাথ ছুরিকাঘাত করে খুন করে পালিয়েছে।

সিলেট মহানগর পুলিশের শাহপরান(র.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের বলেন, খুনের ঘটনাটি দুপুরে জুম্মার নামাজের সময় ঘটেছে। আমরা খবর পেয়েছি বিকাল সাড়ে ৩টার দিকে। সন্ধ্যায় মরদেহ উদ্ধারে আসি।

প্রতিবেশিদের বরাত দিয়ে তিনি বলেন, জুম্মার নামাজের অনেকটা লোকজনের চলাচল ছিল কম। বাসায় একা ছিলেন শিমলা।ওই সময় বিশ্বজিৎ দেবনাথ বাসায় গিয়ে স্ত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যান।ঘটনাটি প্রতিবেশিরা দেখলেও কেউ ঝামেলায় না জড়াতে পুলিশকে খবর দেননি।বিকেলে তার বাবা বাসায় ফিরে মেয়ের নিথর দেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন।

ওসি আবুল খায়ের আরো বলেন, বিশ্বজিৎ পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে ও হত্যায় ব্যবহৃত ছোরা উদ্ধারে চেষ্টা চলছে। দাম্পত্য কলহের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেন তিনি।

নিহত সিমলার বাবা জিতেন্দ্র দেবনাথ বলেন, প্রায় ৭ মাস আগে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা নৃপেন দেবনাথের ছেলে বিশ্বজিতের সঙ্গে মেয়ের বিয়ে দেন। তার ভাই বোনরা সরকারি চাকরি করলেও বিয়ের পরও বিশ্বজিৎ বেকার ঘুরে বেড়ানো ও আড্ডা দিয়ে সময় কাটানো ছিল তার নেশা। অথচ বিয়ের নগরের নয়াসড়কে একটি কসমেটিক্সের দোকানে চাকরি করে সংসার চালানোর পাশাপাশি সিলেট সরকারি মহিলা কলেজে অনার্স পড়ছিলেন শিমলা।বেকার স্বামীকে বুঝিয়েও কথা শুনতে পারেননি। এ নিয়ে দু’জনের মধ্যে মনোমালিন্য হয়।কিছুদিন আগে সিমলা স্বামীর বাসা ছেড়ে চলে আসে। এ নিয়ে বৃহস্পতিবার (২০জুলাই) দুপুরে বখাটে বন্ধু-বান্ধব নিয়ে কর্মস্থলে গিয়ে শিমলাকে হুমকি ধমকি দিয়ে আসেন বিশ্বজিৎ। এ কারণে রাতেই শাহপরাণ থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

আর এই সাধারণ ডায়েরী করাই কাল হলো তার জন্য। শুক্রবার দুপুরে একা বাসায় শিমলাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে বিশ্বজিৎ পালিয়ে যান।


সিলেট প্রেস / ২১ জুলাই ২০২৩/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৭-২১ ১০:২৭:০০