দক্ষিণ সুরমায় তিনদিনে দুই বাড়িতে ডাকাতি

  • প্রকাশের সময় : ১৫/০৯/২০২৩ ০৫:৪০:৩০ AM

ছবি-সিলেটপ্রেস

Share
92

সিলেটের দক্ষিণ সুরমায় তিনদিনে দুইটি বাড়িতে ডাকাতির ঘটনায় বিরাজ করছে ডাকাত আতঙ্ক। ডাকাতির ভয়ে অনেক জায়গায় রাত জেগে পাহারার দিতে নেয়া হচ্ছে উদ্যোগ। গত সোমবার (১১ সেপ্টেম্বর) রাত ৪টার দিকে দক্ষিণ সুরমার গোপশহর এলাকার মাওলানা ইউসুফ আলীর বাড়িতে হানা দেয় ১০ জনের একদল ডাকাত। তারা দেশীয় অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। সে সময় প্রত্যেকের মুখ ছিলো কাপড়ে ঢাকা। ডাকাতির পূর্বে ডাকাতরা মাওলানা ইউসুফ আলী, তার মা, স্ত্রী ও দুই ভাইকে বেধড়ক মারধর করে। পরে বেশ কিছু মোবাইল ফোনসহ কয়েক লক্ষ টাকার মালামাল লুট করে ফজরের আজানের পূর্বে পালিয়ে যায়। প্রতিবেশীরা ডাকাতদের মারধরে আহত হওয়া মাওলানা ইউসুফ আলী ও তার দুই ভাইকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। আহতরা হাসপাতালে থাকায় বৃহস্পতিবার পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মো. শামসুদ্দোহা (পিপিএম)।  তিনি সিলেটপ্রেস কে বলেন- মামলার অপেক্ষা না করে পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে মাঠে কাজ করছে। আশাবাদী, শীঘ্রই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

গোপশহর এলাকার মাওলানার বাড়ি ডাকাতির রেশ কাটতে না কাটতে ফের তিনদিনের মাথায় দক্ষিণ সুরমায় ঘটে আরেকটি বাড়িতে ডাকাতির ঘটনা। বুধবার (১৩ সেপ্টেম্বর) রাত ৩টায় মোগলাবাজার থানা এলাকার সিলাম ইউনিয়নের সিলাম টিকরপাড়া গ্রামের ইশতেকার গণি তাজেল এর বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। মুখোশপরা ডাকাতদল হানা দিয়ে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোটরসাইকেল, মোবাইল ফোন লোটে নেয়। জানা যায়, ওইদিন ভোররাতে সিলাম টিকরপাড়া গ্রামের ইশতেকার গণি তাজেলের বাড়িতে হানা দিয়ে মুখোশপরা ডাকাতরা বাড়ির লোকজনকে মারধর করে আহত করে প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে পালায়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় ৯ জনের একদল ডাকাত বাড়ির গ্রিলের তালা কেটে ঘরে প্রবেশ করে। এসময় ডাকাতরা লোহার রড, রামদা, ছুরি ও ডেগার দিয়ে বাড়ির লোকজনকে বেধড়ক মারধর করে। আতঙ্ক সৃষ্টির পর ভয়ভীতি দেখিয়ে ৬ ভরি স্বর্ণালঙ্কার, সিসি টিভির হার্ডডিক্স, আইফোন, মোবাইল ৩টি, ১টি টিবিএস মেট্রো প্লাস মোটরসাইকেল ও ৩ নগদ লক্ষ টাকাসহ মোট ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে পালিয়ে যায়। ডাকাতদের মারধরে গুরুতর আহত তাজেলকে প্রতিবেশীরা উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ এস এম মাইন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাতির ঘটনার খবর পেয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ রানা, দক্ষিণের ডিসি সোহেল রেজা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে সোহেল রেজা সিলেটপ্রেস কে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বাড়ির লোকজনের সাথে কথা বলে বেশ কিছু তথ্য সংগ্রহ করেছে। দক্ষিণ সুরমায় ডাকাতির বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্ত চলছে।


সিলেট প্রেস / ১৫ সেপ্টেম্বর ২০২৩/ এফ কে


কমেন্ট বক্স
জাবেদ এমরান

জাবেদ এমরান

প্রকাশ: ২০২৩-০৯-১৫ ০৫:৪০:৩০