তোমাদের আরিফ ভাইয়া কিশোর গ্যাং গ্রুপের প্রধানসহ গ্রেফতার ৩

  • প্রকাশের সময় : ২৫/০৯/২০২৩ ১১:৪০:২২ AM

সংগৃহীত ছবি

Share
99

মিরপুরের কিশোর গ্যাং ‘তোমাদের আরিফ ভাইয়া’ প্রধান মো. আরিফ মিয়াকে (২৩) তিন সহযোগীসহ গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। তিনি মিরপুরের কিশোর গ্রুপের প্রধান। সোমবার (২৫ সেপ্টেম্বর) মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন তাদের গ্রেফতারের তথ্য জানিয়েছেন।  

গ্রেফতাররা হলেন, হৃদয় (২০), মো. আলম (১৯) এবং মো. রমজান (১৯)।  

মোহাম্মদ মহসিন জানান,গতকাল রোববার রাতে মিরপুর জার্মান টেকনিক্যালের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।  

তিনি বলেন, গ্রেফতার আরিফ মিরপুরের চিহ্নিত কিশোর গ্যাং প্রধান। তার দলের নাম তোমাদের আরিফ ভাইয়া। দলবল নিয়ে বিভিন্ন স্থানে মারামারি করা, আতঙ্ক সৃষ্টি করাই তাদের কাজ। তার গ্রুপে ১০-১২ জন সদস্য রয়েছেন। তারা মেসেজের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ করেন। গ্রুপের কোন সদস্য কোথাও আক্রান্ত হলে বাকিরা ছুরি, লাঠি নিয়ে সেখানে হামলা করেন। আরিফ নিজেই এই গ্যাং পরিচালনা করেন। গ্যাংয়ের প্রধান হিসেবে তিনি নিজে গলায় ‘তোমাদের আরিফ ভাইয়া’ নামে ট্যাটুও করেছেন। গতকাল রাতে তারা ছুরি, চাকু সঙ্গে দলবল নিয়ে আরেকজনকে মারতে যাচ্ছিলেন।  

গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর মডেল থানার জার্মান ট্যাকনিক্যালের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে তিনটি চাকু উদ্ধার করা হয় বলে জানান এই কর্মকর্তা।


সিলেট প্রেস / ২৫ সেপ্টেম্বর ২০২৩/এএ


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৯-২৫ ১১:৪০:২২