হবিগঞ্জে মিথ্যা মামলায় ফাঁসাতে গিয়ে নিজেই ফাঁসলেন গৃহবধূ

  • প্রকাশের সময় : ১১/১০/২০২৩ ০২:০৯:২৩ AM

ছবি- প্রতীকী

Share
62

হবিগঞ্জ শহরে মিথ্যা মামলা দিয়ে অন্যকে ফাঁসানোর দায়ে গৃহবধূকে কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম জাকির হোসাইন বাদীর উপস্থিতিতে এ রায় দেন বলে আদালত পরিদর্শক কামরুল ইসলাম জানান।

দণ্ড পাওয়া মীর সাজিদা আক্তার (৩০) সদর উপজেলার মোহনপুর এলাকার আব্দুর রহমানের স্ত্রী।

আদালত সূত্রে জানা গেছে, আব্দুর রহমান সিলেট জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের অফিস সহায়ক। পারিবারিক কলহের জেরে রহমান তার প্রথম স্ত্রী জাহানারা বেগমকে তালাক দিয়ে সাজিদাকে বিয়ে করেন।

রহমানের প্রথম স্ত্রীর তিন মেয়ে রয়েছে; তারা চিকিৎসক। এ ছাড়া দ্বিতীয় স্ত্রীর ঘরে এক ছেলে সন্তান রয়েছে। প্রথম স্ত্রীর সঙ্গে রহমানের মামলাও চলছে।

আদালতের পরিদর্শক কামরুল বলেন, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ২০২২ সালের ২৯ অগাস্ট জাহানারা, তার মেয়ে এবং মেয়ের জামাইসহ পাঁচজনকে আসামি করে মামলা করেন সাজিদা। মামলায় আসামিদের বিরুদ্ধে বাদী ও তার সন্তানকে মারধর, শ্লীলতাহানি ও হত্যার হুমকির অভিযোগ আনা হয়।

“মামলায় সাজিদা ও রহমান ছাড়া আর কেউ সাক্ষ্য দেননি। অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে গত ২৬ সেপ্টেম্বর আদালত এক রায়ে জাহানারাকে খালাস দেন। সেইসঙ্গে মিথ্যা মামলার জন্য ফৌজদারি কার্যবিধি ২৫০ ধারায় কেন ব্যবস্থা নেওয়া হবে না তার জন্য কারণ দর্শাতে বাদীকে আদেশ প্রদান করা হয়।

“মঙ্গলবার সাজিদা আদালতে হাজির হয়ে লিখিত বক্তব্যে ক্ষমা চান। তবে আদালতের মূল্যবান সময় নষ্ট করায় বাদীকে সাত দিনের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক।”

পরে আপিল দায়েরের শর্তে সাজিদার আইনজীবী জামিন চাইলে আদালত তা মঞ্জুর করেন বলে জানান পরিদর্শক কামরুল।


সিলেট প্রেস / ১১ অক্টোবর ২০২৩/এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-১০-১১ ০২:০৯:২৩