চুরি করা সিএনজি নিয়ে পালানোর সময় মৌলভীবাজারের কুলাউড়ায় এক চোরকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোররাত ৪টার দিকে উপজেলার ভাটেরা ইউনিয়নের পুলিশ চেকপোস্ট থেকে তাকে গ্রেফতার করা হয়।এসময় সিএনজিচালিত ২ টি অটোরিকশা উদ্ধার করা হয় ।
গ্রেপ্তার চোর রবিউল (২৩) । সে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার রুস্তমপুর গ্রামের জুনাব আলীর ছেলে। অজ্ঞাত আরেক চোর পলাতক ।
জানা গেছে, সোমবার ভোররাতে ভাটেরা হয়ে ফেঞ্চুগঞ্জ উপজেলায় দুইটি সিএনজি প্রবেশের চেষ্টা করলে ডিউটিরত পুলিশ তাদেরকে সিগন্যাল দেয়। এ সময় একটি সিএনজি দাঁড়ালেও অন্যটি রেখে আরেক চোর পালিয়ে যায়। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতার রবিউল স্বীকার করে। ভূকশিমইল ইউনিয়ন এলাকা থেকে ওই দুইটি সিএনজি চুরি করে তারা পালাচ্ছিল ।
এএসআই মো. বিল্লাল হোসেন জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার রবিউলকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে। পলাতক চোরকেও গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
সিলেটপ্রেস প্রতিবেদক




















