সিলেটের ওসমানীনগরের চাঞ্চল্যকর শেখ ফাজিলাতুন্নেছা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ শায়খুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি লুৎফুর রহমানকে মৃত্যুদন্ড প্রদান করা হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন।
আদালতের পিপি অ্যাডভোকেট নিজাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি লুৎফুর রহমান দক্ষিণ সুরমা উপজেলার ফরিদপুর গ্রামের তাহির আলীর ছেলে এবং ফজিলাতুন্নেছা মাদ্রাসার বাংলা বিষয়ের প্রভাষক।
আদালত সূত্র জানায়, ২০১৯ খ্রিষ্টাব্দের ১৪ ফেব্রুয়ারি সকালে শায়খুল ইসলাম মোটরসাইকেল যোগে মাদ্রাসায় যাচ্ছিলেন। ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা সড়কের মুখ এলাকায় পৌছলে পেছন দিক থেকে একটি প্রাইভেট কার মোটরসাইকেলসহ তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অভিযোগ উঠে একই মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক লুৎফুর রহমান পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিত ভাবে তাকে গাড়ি চাপা দিয়ে হত্যা করে পালিয়ে যায়।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে লুৎফুর রহমানকে প্রধান আসামি করে ওসমানীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলায় দীর্ঘ শুনানী শেষে সোমবার রায় ঘোষণা করেন আদালত। রায়ে মামলার প্রধান আসামি লুৎফুর রহমানকে মৃত্যুদন্ড প্রদান করা হয়।
সিলেটপ্রেস প্রতিবেদক




















