টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীপথের ভয়ংকর আতঙ্ক ও মাদক কারবারি আলম ডাকাত (৩৫) ওরফে মুরগি আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৩০ অক্টোবর) ভোরে তথ্য প্রযুক্তির সহায়তায় সিরাজগঞ্জের রূপসার তেঘরী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আলম ডাকাত উপজেলার অর্জুনা ইউনিয়নের যমুনা নদীর দুর্গম চরাঞ্চলের বানিয়াবাড়ী গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, আলম ডাকাত যমুনা নদীপথসহ বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
তার বিরুদ্ধে ভূঞাপুর, কালিহাতী ও সিরাজগঞ্জ জেলায় ডাকাতি, অস্ত্র ও মাদক মামলাসহ ১২টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন পলাতক থেকে ডাকাতিসহ মাদক ব্যবসা করত।
জানা যায়, আলম ডাকাতিতে জড়িত হওয়ার আগে বিভিন্ন এলাকায় হাঁস-মুরগি চুরি করত। পরে মুরগি আলম নামে মানুষের কাছে পরিচিতি পায়।
একপর্যায়ে যমুনা নদীপথে দুর্র্ধষ ডাকাত দলের চক্র, মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িয়ে পড়ে। পরে সে থেকে আলম ডাকাত নামে পরিচিত পায়।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান উল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহযোগিতায় সোমবার ভোর রাতে যমুনা নদীপথের আতঙ্ক পলাতক আলম ডাকাতকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরের দিকে টাঙ্গাইল জেলহাজতে পাঠানো হয়েছে।
আলম ডাকাতের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টি মামলা ছিল।




















