হবিগঞ্জের বাহুবল উপজেলায় আশ্রয়ণ প্রকল্পে আগুন লেগে ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। তবে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গতকাল বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার পুটিজুড়ি ইউনিয়নের উত্তর ভবানীপুর এলাকায় পায়রাটিলা আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে। বাহুবল মডেল থানার ওসি মো. রাকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ২০০৯ সালে নির্মিত প্রধানমন্ত্রীর এ আশ্রয়ণ প্রকল্পে মোট ৫০টি ঘরের মধ্যে ১০টি ঘর পুড়ে গিয়ে ব্যাপক ক্ষতি হয়।
বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহুয়া শারমিন ফাতেমা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আশ্রয়ণ প্রকল্পে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করলেও ততক্ষণে ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার মোহাম্মদ ইব্রাহিম জানান, পানি সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণ করতে কিছুটা বেগ পেতে হয়। এতে প্রায় দেড় ঘণ্টা সময় লেগেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি।
এদিকে, দুপুরে আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে বেসরকারিভাবে কাপড় ও খাদ্যসামগ্রী বিতরণ করেছেন বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুদ্দত আলী।




















