আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবারের পরীক্ষায় মোট ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। ১০ লাখ ২১ হাজার ১৯৭ জন ছাত্র ও ১০ লাখ ৫০ হাজার ৯৬৬ জন ছাত্রী মোট ১১টি শিক্ষা বোর্ড থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেবেন।
এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় গত বছরের তুলনায় ৫০ হাজার ২৯৫ জন পরীক্ষার্থী বেড়েছে। এর মধ্যে বিজ্ঞানেই বেড়েছে ৩৭ হাজারের বেশি পরীক্ষার্থী। আর ছাত্রী বেড়েছে ৩৮ হাজার ৬০৯ জন। গতবার এসএসসি ও সমমানে মোট পরীক্ষার্থী ছিলেন ২০ লাখ ২১ হাজার।
সকাল ১০টা থেকে বেলা ১ টা পর্যন্ত লিখিত পরীক্ষা চলবে। প্রথমে বহুনির্বাচনী এবং পরে রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরু ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে পরীক্ষার্থীদের। বহুনির্বাচনী ও রচনামূলক বা সৃজনশীলে আলাদা আলাদাভাবে পাস করতে হবে। পরীক্ষার্থীরা সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। কেন্দ্রসচিব ছাড়া পরীক্ষা কেন্দ্রে অন্য কেউ মুঠোফোন ব্যবহার করতে পারবেন না। কেন্দ্রগুলোতে পরীক্ষার্থী ছাড়া ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
৩০ এপ্রিল শুরু হয়ে ২৩ মে পর্যন্ত চলবে এসএসসির লিখিত পরীক্ষা। আর ২৪ থেকে ৩০ মের মধ্যে ব্যবহারিক পরীক্ষা নেয়া হবে। ৩০ এপ্রিল থেকে দাখিল পরীক্ষা শুরু হয়ে চলবে ২৫ মে পর্যন্ত। আর ২৭ মে থেকে ৩ জুনের মধ্যে দাখিলের ব্যবহারিক পরীক্ষা নেয়া হবে। ৩০ এপ্রিল থেকে এসএসসি ও দাখিল ভোকেশনালের লিখিত পরীক্ষা শুরু হয়ে চলবে ২৩ মে পর্যন্ত। ২৫ মে থেকে ৪ জুনের মধ্যে ব্যবহারিক পরীক্ষা এবং ৫ জুন থেকে ১৫ জন পর্যন্ত বাস্তব প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।




















