মালয়েশিয়ায় কোনো ইসরায়েলি নাগরিকের উপস্থিতি নিশ্চিত হলে তাকে সঙ্গে সঙ্গে দেশ থেকে বহিষ্কার করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। তিনি বলেছেন, ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়ার নীতিতে মালয়েশিয়া কোনো ধরনের আপস করবে না।
সম্প্রতি জোহর রাজ্যের ফরেস্ট সিটিতে পরিচালিত ‘নেটওয়ার্ক স্কুল’ নামের একটি কর্মসূচিতে ইসরায়েলি নাগরিক বা দ্বৈত নাগরিকত্বধারীদের অংশগ্রহণের অভিযোগ ওঠার পর বিষয়টি নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়। অভিযোগের পর সরকার সংশ্লিষ্ট সব নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বাহিনীকে তদন্তের নির্দেশ দিয়েছে।
আনোয়ার ইব্রাহিম সাংবাদিকদের বলেন, আমরা বিষয়টি তদন্ত করছি। যদি কোনো ইসরায়েলি নাগরিকের উপস্থিতি নিশ্চিত হয়, তবে তাকে অবিলম্বে বহিষ্কার করা হবে। মালয়েশিয়া ইসরায়েলকে স্বীকৃতি দেয় না।
এদিকে, মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অভিযোগের পর জোহরের ফরেস্ট সিটিতে অভিবাসন বিভাগ অভিযান চালিয়ে ৪০টি দেশের ২৬৬ জন বিদেশি নাগরিকের ভ্রমণ ও অভিবাসনসংক্রান্ত নথিপত্র পরীক্ষা করেছে। প্রাথমিক তদন্তে বড় ধরনের কোনো অভিবাসন আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়নি। তবে ইসরায়েলি নাগরিকরা অন্য দেশের পাসপোর্ট ব্যবহার করে দেশে প্রবেশ করেছে কি না, সেই অভিযোগ এখনও তদন্তাধীন।
জোহর রাজ্য সরকারও বিষয়টিকে গুরুত্ব দিয়ে পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছে। তাদের দাবি, রাজ্যের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও জাতীয় স্বার্থের পরিপন্থী কোনো কার্যক্রম বরদাশত করা হবে না।
উল্লেখ্য, মালয়েশিয়া দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনের পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে আসছে এবং ইসরায়েলের সঙ্গে দেশটির কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। সাধারণভাবে ইসরায়েলি পাসপোর্টধারীদের মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হয় না; বিশেষ ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন।
আন্তর্জাতিক ডেস্ক



















