সিলেট মুরারী চাঁদ (এমসি) কলেজের ছাত্রাবাসের পাশে নর্দমা থেকে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় মিলেছে।
নিহত ব্যক্তির নাম রনজিত দাস (৬৫)। তিনি চারদিন আগে নিখোঁজ হয়েছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
মঙ্গলবার রাত সাড়ে ১০দিকে দুটি বস্তাবন্দি অবস্থায় এই মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার আজবাহার আলী শেখ।
নিহত ব্যক্তি আখালিয়া এলাকার দুসকির বাসিন্দা। শনিবার নগরীর জালালাবাদ থানায় নিহতের ছেলে শংকর দাস একটি সাধারণ ডায়েরি করেন।
আজবাহার আলী শেখ বলেন, স্থানীয়ভাবে খবর পেয়ে পুলিশ দুটি বস্তাভর্তি খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় নগরীর বাদাম বাগিচা এলাকার আব্দুল মালেককে আটক করা হয়েছে। স্থানীয়রা তাকে আটক করলে তিনি নিজেই নিজের পেটে ছুরি মারেন। এখন তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। লাশের ময়নাতদন্ত হবে; এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানান আজবাহার আলী শেখ।
প্রত্যক্ষদর্শীরা জানান, এমসি কলেজের ছাত্রাবাসের পাশ দিয়ে বয়ে যাওয়া নর্দমার পাশে কে বা কারা দুটি বস্তা ফেলে যায়। পরে সেখান থেকে দুর্গন্ধ বের হলে সন্দেহবশত পুলিশকে খবর দেওয়া হয়।
রাত ১১টায় পিবিআই সদস্যরাও সেখান থেকে আলামত সংগ্রহ করেন।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, ইজিবাইক চালানো নিয়ে কিছুদিন আগে রনজিত দাসের সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল আব্দুল মালেকের। এ থেকে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
সিলেটপ্রেস প্রতিবেদক




















