পিস্তলসহ সিলেট মহানগরীর ধোপাদিঘীরপারের হোটেল অনুরাগের এক কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৮ জানুয়ারি) বিকালে হোটেল অনুরাগের ৪র্থ তলার একটি কক্ষ থেকে তাকে গ্রেফতার করা হয়।
তার নাম শাওন ইসলাম পাবেল (১৯)। তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার মান্দারুকা গ্রামের আব্দুল মতিনের ছেলে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মাদকদ্রব্য নিয়ে একজন হোটেল অনুরাগে অবস্থান করছে খবর পেয়ে কোতোয়ালি থানার একদল পুলিশে সেখানে অভিযান চালায়।
এসময় হোটেল অনুরাগের ৪র্থ তলার স্টাফদের থাকার কক্ষে তল্লাশি চালালে পালানোর সময় পাবেলকে আটক করে পুলিশ। পরে তার থাকার কক্ষ থেকে ১টি বিদেশি পিস্তল জব্দ করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তাকে জব্দকৃত আলামতসহ আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।




















