সিলেটের তামাবিলে ট্রাকে করে পাথরের নিচে লুকিয়ে পাচারকালে ২২৮ বস্তা চিনি জব্দ করেছে হাইওয়ে পুলিশ। এসময় দুজনকে আটক করা হয়েছে।
শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে সিলেট-তামাবিল মহাসড়কের খরিকাপুঞ্জি থেকে চিনির এ চালান জব্দ করা হয়।
এ ঘটনায় আটকরা হলেন- সিলেটর কানাইঘাট উপজেলার আগফৌদ গ্রামের (ট্রাকচালক) মো. কুতুব উদ্দিন (২৭) ও একই গ্রামের (ট্রাকের হেলপার) শফিক আহমদ (৩৫)।
হাইওয়ে পুলিশের এসপি মোহাম্মদ শহিদুল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (শনিবার) সিলেট অভিমুখী একটি ট্রাকে (ঢাকা মেট্রো-ট-২০-৯৯২২) বিশেষ অভিযান চালায় পুলিশ। গাড়িটি তল্লাশি করে পাথরের নিচ থেকে ২২৮ বস্তা চিনি উদ্ধার করে পুলিশ। উদ্ধার করা চিনির আনুমানিক বাজারমূল্য ২৪ লাখ টাকা।
তিনি বলেন- আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।




















