সিলেট নগরীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মোহাম্মদ আলী (১৭) নামে এক তরুণ সবজি বিক্রেতা খুন হয়েছেন।
শুক্রবার (৩ মে) বিকেল ৫টার দিকে নগরীর চালিবন্দর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আলী কিশোরগঞ্জ জেলার বাজিতপুর এলাকার নুর আলীর ছেলে। তিনি পরিবারের সঙ্গে নগরীর ছড়ারপাড় কলোনীতে থাকতেন।
জানা গেছে, মো. আলী একজন ভাসমান সবজি বিক্রেতা। শুক্রবার বিকেলে কিছু দুর্বৃত্তরা চালিবন্দর ভৈরব মন্দির সংলগ্ন এলাকায় তাকে ছুরিকাঘাতের পরে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন শিপন।
তিনি জানান, ছুরিকাঘাতে ঐ তরুণের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আমরা তদন্ত করছি। এখন পর্যন্ত কেউ আটক হয়নি।
সিলেটপ্রেস প্রতিবেদক




















