১৪ লিটার দুধে ২৬ লিটার পানি মিশিয়ে বিক্রি! এক হাজার টাকা জরিমানা

  • প্রকাশের সময় : ১২/০৪/২০২৩ ০৩:০৪:৩১ AM

Share
58

লক্ষ্মীপুরের রামগঞ্জে ১৪ লিটার দুধে ২৬ লিটার পানি মেশানোর অভিযোগে ফারুক হোসেন নামের এক বিক্রেতাকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেলে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবীবা মীরা বিষয়টি নিশ্চিত করেছেন। দুধে ৮০ শতাংশের বেশি পানি মেশানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।


সংশ্লিষ্টরা জানিয়েছেন, সোমবার রাতে রামগঞ্জ পৌর শহরের ওয়াপদা সড়কের চৌরাস্তা এলাকায় ভেজাল দুধ বিক্রি করার সময় ফারুককে আটক করে স্থানীয়রা।


খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রাকিবুল হাসান ঘটনাস্থলে উপস্থিত হন। পরে দুধ পরীক্ষা করলে তাতে ৮০ শতাংশেরও বেশি পানি মেশানোর সত্যতা পাওয়া যায়। অভিযুক্ত ফারুক উপজেলার জগতপুর ইমি ডেইরি ফার্মের কর্মচারী। ওই ফার্ম থেকেই দুধ এনে বিক্রি করছিলেন তিনি।


ফারুকের বরাত দিয়ে উপজেলা প্রশাসন জানায়, ফারুক জগতপুর ইমি ডেইরি ফার্ম থেকে দুধ এনে বাজারে বিক্রি করেন। প্রতিদিন সন্ধ্যায় খামার থেকে তাকে ৪০ লিটার দুধ বিক্রি করার জন্য দেওয়া হয়।


প্রতি লিটার দুধ ৫০ থেকে ৭০ টাকা দরে বিক্রি করা হয়। এ খামার থেকে উপজেলা শহরে প্রতিদিন ২৫০ থেকে ৩০০ লিটার দুধ বিক্রি হয়। ঘটনার দিন সন্ধ্যায় তাকে ৪০ লিটার দুধ দেওয়া হয়।


তবে এর মধ্যে ১৪ লিটার দুধ ও বাকি ২৬ লিটার পানি মেশানো হয়েছে বলে ফারুক নিজেই উপস্থিত লোকজনকে জানিয়েছেন। এক পর্যায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ফারুককে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে ফারুককে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।


এদিকে বিষয়টি জানতে ফার্মের মালিক বাচ্চু মিয়ার মোবাইলে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তা সম্ভব হয়নি।


রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবীবা মীরা বলেন, ছেলেটির বয়স কম হওয়ায় জরিমানার পর সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।


ধারণা করা হচ্ছে, কয়েক ধাপে দুধের সঙ্গে পানি মেশানো হয়েছে। আমরা ওই খামারটিতে শিগগিরই অভিযান পরিচালনা করব।



সিলেট প্রেস / ১২ এপ্রিল ২০২৩/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৪-১২ ০৩:০৪:৩১