সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ব্রাহ্মণগাও এলাকায় মাদক ব্যবসার অভিযোগ এনে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দা জুয়েল মিয়া।
সম্প্রতি “ব্রাহ্মণগাও এলাকায় মাদক ব্যবসার বিরুদ্ধে এলাকাবাসীর ক্ষোভ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা” শিরোনামে প্রকাশিত এক সংবাদে তার নাম উল্লেখ করে অভিযোগ আনা হলে তিনি এ প্রতিবাদ জানান।
লিখিত প্রতিবাদ লিপিতে জুয়েল মিয়া বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে তিনি সুনামের সঙ্গে সমাজে বসবাস করে আসছেন এবং অবৈধ মাদক ব্যবসার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।
তিনি আরও উল্লেখ করেন, একটি কুচক্রী মহল ব্যক্তিগত ও সামাজিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য প্রচার করছে। এ ধরনের সংবাদে তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
প্রতিবাদ লিপিতে তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করা হোক এবং যারা মিথ্যা তথ্য ছড়িয়ে সামাজিক বিভ্রান্তি সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।
এ বিষয়ে তাহিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলেও তিনি নিশ্চিত করেছেন।
প্রতিবাদকারী জুয়েল মিয়ার পরিচয় অনুযায়ী, তিনি তাহিরপুর উপজেলার ৪ নং উত্তর বড়দল ইউনিয়নের ব্রাহ্মণগাও গ্রামের বাসিন্দা এবং মরহুম লাল মিয়ার পুত্র।
স্টাফ রিপোর্টার




















