মধ্যনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা

  • প্রকাশের সময় : ১৪/০৫/২০২৬ ১০:২৫:২৫ PM

Share
20

সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা ও ভিজিডি কার্ড বিতরণে অনিয়ম, অসৌজন্যমূলক আচরণ, সরকারি আসবাবপত্র ভাঙচুর এবং নারীঘটিত শ্লীলতাহানির অভিযোগ প্রমাণিত হওয়ায় মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মো. আব্দুছ ছাত্তারের পদ শূন্য ঘোষণা করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগ থেকে ১২ মে জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে উপসচিব জিয়াউর রহমান স্বাক্ষর করেন। আদেশটি জনস্বার্থে জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।


প্রজ্ঞাপনে বলা হয়, মধ্যনগর ইউনিয়ন পরিষদের সদস্যরা প্যানেল চেয়ারম্যান মো. আব্দুছ ছাত্তারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করেন। এতে তার বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয় এবং তদন্তে অভিযোগগুলোর সত্যতা পাওয়া যায়। ওই তিনটি অভিযোগে উল্লেখ করা হয়, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাধীন বিভিন্ন ভাতা ও ভিজিডি কার্ড নির্বাচন এবং বিতরণে সংশ্লিষ্ট ওয়ার্ডের নির্বাচিত সদস্যদের মতামত ছাড়াই ছাত্তার একক সিদ্ধান্তে কার্যক্রম পরিচালনা করতেন। এছাড়া নলকূপ বরাদ্দের ক্ষেত্রেও অনৈতিকভাবে অর্থ গ্রহণের অভিযোগ উঠে। প্যানেল চেয়ারম্যান হিসেবে ছাত্তার ইউনিয়নের সাধারণ নাগরিকদের সঙ্গে অসৌজন্যমূলক ও উদ্ধত আচরণ করতেন। অভিযোগকারী ইউপি সদস্যরা তদন্ত চলাকালে জানান, ছাত্তার কোনো কারণ ছাড়াই ইউনিয়ন পরিষদের সরকারি আসবাবপত্র ভাঙচুর ও বিনষ্ট করেছেন। এ বিষয়ে প্রমাণ হিসেবে স্থিরচিত্রও উপস্থাপন করা হয়।


প্রজ্ঞাপনে ছাত্তারের বিরুদ্ধে নারীঘটিত শ্লীলতাহানির মতো গুরুতর অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগের কথাও উল্লেখ করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওর সত্যতাও তদন্তে প্রমাণিত হয়েছে বলে জানানো হয়। এ ঘটনায় ইউনিয়নের সাধারণ জনগণের নিরাপত্তা নিয়ে ইউপি সদস্যরা উদ্বেগ প্রকাশ করেন।


স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৯(৩) ধারা অনুযায়ী উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে তদন্তকারী কর্মকর্তা ও পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তার উপস্থিতিতে অনুষ্ঠিত বিশেষ সভায় উন্মুক্ত আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে অনাস্থা প্রস্তাব গৃহীত হয়। পরে সুনামগঞ্জ জেলা প্রশাসক অনাস্থা প্রস্তাব অনুমোদনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠালে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৯(১৩) ধারা অনুযায়ী অনুমোদন দেয়। একই আইনের ৩৫(১)(চ) ধারা অনুযায়ী ছাত্তারের পদ শূন্য ঘোষণা করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুছ ছাত্তারে বলেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছিল, সেগুলোর বিষয় উল্লেখ করে সাময়িক বরখাস্তের চিঠি এসেছে শুনেছি। কিন্তু এখনও আমার  হাতে কোন চিঠি আসে নাই ।


মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সঞ্জয় ঘোষ বলেন, শূন্য পদ ঘোষণার প্রজ্ঞাপন পেয়েছি। আইন ও বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


সিলেট প্রেস / এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৬-০৫-১৪ ২২:২৫:২৫