শান্তিগঞ্জে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২, আহত ৫

  • প্রকাশের সময় : ২০/০৫/২০২৬ ০৩:২৭:০০ PM

Share
16

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। বুধবার (২০ মে) দুপুরে উপজেলার আহসানমারা ব্রিজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।


নিহত ব্যক্তিরা হলেন শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের লেগুনাচালক ইব্রাহিম মিয়া (২৫) এবং সদর উপজেলার নারায়ণপুর গ্রামের জাহেদ মিয়া (১৮)।


প্রত্যক্ষদর্শীর বরাতদিয়ে পুলিশ জানায়, দুপুর ১টার দিকে সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা একটি লেগুনা শান্তিগঞ্জের আহসানমারা ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ‘খাদিজা ভিআইপি’ নামের একটি দূরপাল্লার বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায়।


লেগুনার যাত্রী আব্দুল জাহার জানান, তিনি পরিবারের সদস্যদের নিয়ে লেগুনায় করে বাড়ি ফিরছিলেন। সংঘর্ষের মুহূর্তে তিনি সড়কের পাশে লাফিয়ে পড়ে প্রাণে বাঁচেন। তবে লেগুনার সামনে থাকা জাহেদ মিয়া ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় চালক ইব্রাহিম মিয়াকে উদ্ধার করে সিলেটে নেওয়ার পথে তার মৃত্যু হয়।


আহত ব্যক্তিরা হলেন ছাতক উপজেলার সাদারাই গনিপুর গ্রামের আব্দুল জাহান (৪২), তার মেয়ে লুৎফা বেগম (৫), তৌরিজ মিয়া (৫৫), তার স্ত্রী কল্পনা বেগম (৪৫) এবং আব্দুল জাহার (৪২)। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।


শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ অলিউল্লাহ সত্যতা নিশ্চিত করেছেন।


সিলেট প্রেস / এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৬-০৫-২০ ১৫:২৭:০০