সিলেট মহানগর এলাকা থেকে জব্দ করা ব্যাটারিচালিত রিক্সা, ইজিবাইক, মিশুক ও টমটম শর্ত সাপেক্ষে মালিকদের কাছে ফেরত দেবে পুলিশ।
সোমবার (১৫ জুন) পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ এপ্রিল প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে ১ মের আগে জব্দ করা ব্যাটারিচালিত রিক্সা, ইজিবাইক, মিশুক ও টমটম মালিকদের আবেদনের পরিপ্রেক্ষিতে ছাড় দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছিল। মহানগরীতে এসব অবৈধ যানবাহন আর চালানো হবে না-এ মর্মে অঙ্গীকারের ভিত্তিতে ১ মে থেকে সেগুলো ছাড় দেওয়ার সিদ্ধান্ত হয়।
তবে পরে গত ২০ এপ্রিল প্রকাশিত আরেক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ মে থেকে জব্দ করা ব্যাটারিচালিত রিক্সা, ইজিবাইক, মিশুক ও টমটম কোনো অবস্থাতেই ফেরত দেওয়া হবে না; বিধি মোতাবেক সেগুলো ধ্বংস করা হবে।
পরে পর্যায়ক্রমে শর্ত সাপেক্ষে ১ মের আগে পুলিশ কর্তৃক জব্দ করা ব্যাটারিচালিত যানবাহনগুলো মালিকদের কাছে ফেরত দেওয়া হয়।
কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে, মহানগরীর বিভিন্ন সড়কে আবারও এসব অবৈধ ব্যাটারিচালিত যান চলাচল করছে। এতে নগরীতে অসহনীয় যানজট সৃষ্টি হওয়ায় জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
এ অবস্থায় মহানগরীর সড়কে ব্যাটারিচালিত রিক্সা, ইজিবাইক, মিশুক ও টমটম চলাচল করতে দেখা গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।



















