বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক ও কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি জিসান আহম্মেদ প্রধানকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়েছে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল কর্তৃপক্ষ। চার সদস্যের মেডিকেল বোর্ডের প্রতিবেদনে তাকে সুস্থ উল্লেখ করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. নিশাত সুলতানা।
তিনি জানান, জিসানের শারীরিক ও মানসিক অবস্থা পর্যালোচনার জন্য গঠিত মেডিকেল বোর্ড তাদের প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে তাকে সুস্থ বলে উল্লেখ করা হয়েছে। বোর্ডের সুপারিশের ভিত্তিতে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
এর আগে গত রোববার (১৪ জুন) রাতে জিসানের স্বাস্থ্যগত অবস্থা মূল্যায়নে চার সদস্যবিশিষ্ট একটি মেডিকেল বোর্ড গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ।
বোর্ডের প্রধান ছিলেন মেডিসিন বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. হেলালুর রহমান। অন্য সদস্যরা ছিলেন নিউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. আব্দুল্লাহ আল হাসান, সাইকিয়াট্রি বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. শাহেদুল ইসলাম এবং এনেস্থিসিয়া বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ জাহিদুর রহমান মজুমদার।
হাসপাতাল সূত্র জানায়, শারীরিক ও মানসিক অবস্থা পর্যবেক্ষণের পর বোর্ড তাদের প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে জিসানকে সুস্থ ঘোষণা করা হলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছাড়পত্র দেয়।
এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর মামলার প্রক্রিয়া অনুযায়ী তাকে আদালতে হাজির করা হবে।
তবে মঙ্গলবার দুপুর ৩টার দিকে কুমিল্লা আদালতের পরিদর্শক মো. মামুনুর রশীদ জানান, তখন পর্যন্ত দাউদকান্দি থানা পুলিশ জিসানকে আদালতে হাজির করেনি।
উল্লেখ্য, গত ১১ জুন রাত থেকে নিখোঁজ ছিলেন ইসলামী ছাত্রশিবির নেতা জিসান আহম্মেদ প্রধান। পরিবারের পক্ষ থেকে তার নিখোঁজ হওয়ার বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে ১৩ জুন রাতে জেলার লাকসাম জংশন এলাকা থেকে তাকে উদ্ধার করা হয় এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পরদিন এক সংবাদ সম্মেলনে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, জিসানের বিরুদ্ধে এক নারীর দায়ের করা ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগে মামলা রয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাটি নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। এরই মধ্যে মেডিকেল বোর্ডের প্রতিবেদনে সুস্থ ঘোষণা পাওয়ার পর হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেন আলোচিত এই ছাত্রনেতা।



















