আবহাওয়া বৈরী, তবুও প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে জনতার ঢল

  • প্রকাশের সময় : ১৭/০৬/২০২৬ ০১:৪৯:০৩ PM

Share
7

বৈরী আবহাওয়া উপেক্ষা করে শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের অনুষ্ঠানে দলে দলে যোগ দিচ্ছেন বিভিন্ন জাতিগোষ্ঠী, চা শ্রমিক ও সাধারণ মানুষ।


বুধবার (১৭ জুন) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ডের কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকেই কাছে ও দূরদূরান্তের মানুষ ভিড় করতে থাকেন। ভারী বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও চা-বাগান এলাকাসহ আশপাশের বিভিন্ন গ্রাম থেকে মানুষ অনুষ্ঠানে উপস্থিত হন।


চা শ্রমিকরা জানান, কষ্টকর আবহাওয়া উপেক্ষা করেও আমরা অনুষ্ঠানে এসেছি। আমাদের প্রত্যাশা, এ কর্মসূচির মাধ্যমে শ্রমিকদের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

এতে বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন। তারা বলেন, দীর্ঘদিন পর এমন এ কর্মসূচিতে অংশ নিতে পেরে আমরা আনন্দিত।


এদিকে অনুষ্ঠানকে ঘিরে পুরো শ্রীমঙ্গল এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও নিরাপত্তা তদারকি করছেন।


গত কয়েকদিন ধরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলা শহরের সড়ক-মহাসড়কসহ বিভিন্ন স্থাপনা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। সার্কিট হাউস, জেলা জজ আদালত ও মৌলভীবাজার পৌরসভা ভবনসহ বিভিন্ন সরকারি স্থাপনায় রঙ করা হয়েছে। সড়কের ব্রিজ ও কালভার্টে লাল-সাদা রঙে সজ্জিত করা হয়।


এছাড়া অনুষ্ঠানস্থল শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মঞ্চ বুঝে নেয় স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)।


বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী  বলেন, ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধন উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১০টায় সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে দুপুর ১২টা ২৫ মিনিটে মৌলভীবাজারে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে দুপুর ১টায় শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে যোগ দেন তিনি।


সিলেট প্রেস / এস


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৬-০৬-১৭ ১৩:৪৯:০৩