হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় সিলেটে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। সরকারি হিসাবে এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭২ জনে।
বুধবার (১৭ জুন) সকালে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের দৈনন্দিন প্রতিবেদনে আরও ৩ শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।
মারা যাওয়া শিশুদের মধ্যে রয়েছেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মুরাদপুর গ্রামের রুমেন মিয়ার ৬ মাসের শিশু রাইয়ান, ছাতক উপজেলা সদরের আঙ্গুর মিয়ার ৫ মাসের শিশু তাউসিফ ইসলাম এবং সিলেটের জকিগঞ্জ খলাছড়ার মিনহাজ আহমদের সাত মাসের শিশু আমায়রা জান্নাত।
তাদের মধ্যে রাইয়ান সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং তাউসিফ ও আমায়রা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এযাবৎ বিভাগের মধ্যে মারা যাওয়া ৭২ শিশুর মধ্যে সুনামগঞ্জ জেলায় সর্বাধিক ৩০ জন, সিলেট জেলায় ২৭ জন, মৌলভীবাজার ৯ জন ও হবিগঞ্জ ৬ জন।
এদিকে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট ২৮৪ জন রোগী। তন্মধ্যে এ রোগের বিশেষায়িত শহীদ ডা. সামসুদ্দিন আহমদ হাসপাতালে ৯৪ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯১ জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ৪০ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১২ ও মৌলভীবাজারে ৬ জন।
বাকিরা অন্যান্য বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে রোগী শনাক্ত হয়েছে একজন এবং এই সময়ে ৫৬ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আজ ১৭ জুন পর্যন্ত বিভাগে মোট ৩২৩ জন হাম রোগী শনাক্ত হয়েছে।
স্টাফ রিপোর্টার




















