শিক্ষার্থীদের ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধি, সৃজনশীল চিন্তাশক্তি এবং আত্মবিশ্বাস বিকাশের লক্ষ্যে সিলেটের ঐতিহ্যবাহী স্কলার্সহোম মেজরটিলা কলেজের ইংরেজি বিভাগের উদ্যোগে দুই দিনব্যাপী ইংলিশ লিটেরারি কম্পিটিশন ২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) শুরু হওয়া এই বর্ণাঢ্য সাহিত্যভিত্তিক প্রতিযোগিতা বুধবার (১৭ জুন) পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয়। এতে কলেজের ষষ্ঠ থেকে একাদশ শ্রেণির বিপুল সংখ্যক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
দুই দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা অন্বেষণে বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিতার আয়োজন করা হয়। যার মধ্যে ছিল— একস্টেমপোর স্পিচ (তাৎক্ষণিক বক্তৃতা), পয়েট্রি রিসাইটেশন (ইংরেজি কবিতা আবৃত্তি) এবং এ্যাসে রাইটিং (রচনা প্রতিযোগিতা)। শিক্ষার্থীদের প্রাণবন্ত, সৃজনশীল ও আত্মবিশ্বাসী অংশগ্রহণ পুরো কলেজ প্রাঙ্গণকে এক উৎসবমুখর মিলনমেলায় পরিণত করে।
অনুষ্ঠানের প্রথম দিনে জুনিয়র গ্রুপ (ষষ্ঠ-প্তম শ্রেণি) এবং দ্বিতীয় দিনে ইন্টারমিডিয়েট (নবম-দশম শ্রেণি) ও সিনিয়র (একাদশ শ্রেণি) গ্রুপের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কলার্সহোমের একাডেমিক কো-অর্ডিনেটর প্রফেসর জয়নুল আবেদীন চৌধুরী। তিনি শিক্ষার্থীদের নিয়মিত সাহিত্যচর্চার প্রতি উৎসাহিত করে বলেন, ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক পরিসরে সফলতার নতুন দিগন্ত উন্মোচন করে। বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের তরুণ প্রজন্মকে ইংরেজি ভাষা ও যোগাযোগ দক্ষতায় অনন্য হতে হবে। তিনি এ ধরনের সময়োপযোগী ও শিক্ষণীয় আয়োজনের জন্য কলেজের ইংরেজি বিভাগের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক। তিনি আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ভাষা মানুষের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। যারা আজ সাহসের সঙ্গে মঞ্চে উঠে নিজেদের মেধা ও যোগ্যতার প্রকাশ ঘটিয়েছে, তারাই প্রকৃত অর্থে বিজয়ী। তিনি শিক্ষার্থীদের নিরবচ্ছিন্ন অনুশীলন ও জ্ঞানচর্চার মাধ্যমে ভবিষ্যতে আরও এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের সূচনা পর্বে পবিত্র কোরআন তিলাওয়াত ও শ্রীমদ্ভগবদ্গীতা পাঠের মাধ্যমে ক্যাম্পাসে সম্প্রীতি, সহনশীলতা ও সৌহার্দ্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করা হয়। এরপর স্বাগত বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক জাকারিয়া আল মামুন। তিনি সাহিত্যচর্চার গুরুত্ব তুলে ধরে বলেন, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা, সমালোচনামূলক চিন্তাশক্তি এবং পাবলিক স্পিকিংয়ের ভয় দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
দুই দিনব্যাপী এই বৃহৎ আয়োজনের বিচারকের দায়িত্ব পালন করেন প্রভাষক জাকারিয়া আল মামুন, প্রভাষক মুহিয়ারা বেগম এবং প্রভাষক জাবেদ আহমদ চৌধুরী।
প্রতিযোগিতার সার্বিক পর্যালোচনা উপস্থাপন করেন প্রভাষক মো. মোনাব্বির জোহান ও প্রভাষক মো. ওমর ফারুক। ফলাফল প্রস্তুত করেন প্রভাষক মেহেদী ইসলাম তপাদার।
সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত চমৎকারভাবে সঞ্চালনা করেন প্রভাষক সজিবুর রহমান এবং শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ছিলেন প্রভাষক তানভীর হাসান বিশ্বাস ও প্রভাষক মো. আলী আকবর।
শিক্ষার্থী, শিক্ষক ও আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক স্মরণীয় আয়োজনে পরিণত হয়। আয়োজক কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও শিক্ষার্থীদের বৈশ্বিক যোগাযোগ সক্ষমতা ও নেতৃত্বগুণ বিকাশে এ ধরনের ভাষাভিত্তিক কর্মসূচি অব্যাহত থাকবে।




















