​দেশে প্রথম: গোলাপগঞ্জ থানায় চালু হলো ‘প্রবাসী হেল্প ডেস্ক’, সেবা মিলবে ২৪ ঘণ্টা

  • প্রকাশের সময় : ০৬/০৭/২০২৬ ০৫:০৮:৫১ AM

Share
2

প্রবাসী অধ্যুষিত সিলেটের গোলাপগঞ্জে দেশের প্রথম উপজেলা বা থানা-ভিত্তিক ‘প্রবাসী হেল্প ডেস্ক’ চালু করা হয়েছে। প্রবাসীদের জন্য পুলিশি ও আইনি সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করতে এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।

​সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর পরামর্শ ও নির্দেশনায় গোলাপগঞ্জ মডেল থানায় এই হেল্প ডেস্কের যাত্রা শুরু হলো।

​গত রবিবার (৫ জুলাই) দুপুর ১টায় গোলাপগঞ্জ মডেল থানায় ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এই হেল্প ডেস্কের উদ্বোধন করেন প্রধান অতিথি সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,​ প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি। তাদের নিরাপত্তা ও আইনি অধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব। গোলাপগঞ্জ থানায় প্রবাসী হেল্প ডেস্ক চালুর ফলে দেশের বাইরে অবস্থান করেও প্রবাসীরা দ্রুত আইনি সহায়তা পাবেন। সারা দেশের জন্য এটি একটি অনুসরণযোগ্য ও অনুকরণীয় উদ্যোগ।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলার পুলিশ সুপার চৌধুরী যাবের সাদেক এবং অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম।

​গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মহি সুন্নাহ চৌধুরী নার্জিস, গোলাম কবির চৌধুরী শাহিন, যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও ফুলবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমদাদ হোসেন চৌধুরী টিপুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​সংশ্লিষ্টরা জানান, এই নতুন হেল্প ডেস্কের মাধ্যমে প্রবাসী বাংলাদেশি এবং দেশে অবস্থানরত তাদের পরিবারের সদস্যরা সরাসরি ও অত্যন্ত সহজে পুলিশের সেবা গ্রহণ করতে পারবেন।প্রবাসীদের সেবায় ০১৩২০১১৭৮৯৬ নম্বরটি ২৪ ঘণ্টা খোলা থাকবে।

প্রবাসীরা পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে এই নম্বরে কল করে দায়িত্বরত কর্মকর্তার কাছ থেকে সরাসরি আইনি সহায়তা, পরামর্শ এবং নিজেদের সমস্যার সমাধান পাবেন।


সিলেট প্রেস / এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৬-০৭-০৬ ০৫:০৮:৫১