চলবে

কে এই সনি? আড়ালে থেকে সিলেটে চালাচ্ছেন কোটি টাকার টেন্ডার ও জালিয়াতি বাণিজ্য

  • প্রকাশের সময় : ২৪/০৬/২০২৬ ০২:৫৩:৫৪ PM

Share
38

সশরীরে কোনো অপরাধের স্পটে যান না তিনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে নিজেকে রাখেন সম্পূর্ণ পর্দার আড়ালে। কিন্তু নেপথ্যে থেকে সিলেটের পুরো অপরাধ জগৎ, জালিয়াতি ও দুর্নীতির রাজত্ব নিয়ন্ত্রণ করছেন চিটাগাং থেকে এসে ছড়ারপারে আস্তানা গাড়া সনি।


দীর্ঘ অনুসন্ধানে বেরিয়ে এসেছে, কীভাবে নিজে ধরাছোঁয়ার বাইরে থেকে সুকৌশলে কোটি কোটি টাকার দুর্নীতি সিন্ডিকেট পরিচালনা করছেন এই মাস্টারমাইন্ড।


অনুসন্ধানে জানা গেছে, সনির আড়ালে থাকার এই সুদূরপ্রসারী কৌশলের কারণে দীর্ঘদিন ধরে তার অবৈধ সাম্রাজ্য অক্ষত রয়েছে। সীমান্ত এলাকা থেকে অবৈধ জিরার বড় বড় চোরাচালান দেশে ঢোকানো এবং তা নিরাপদে পাচারের মূল হোতা এই সনি। নিজে কোনো চালানের সামনে না থেকে বিশ্বস্ত সহযোগীদের দিয়ে পুরো নেটওয়ার্ক পরিচালনা করেন তিনি।


এই চোরাচালানকে বৈধতা দিতে সনি গড়ে তুলেছেন কাস্টমসের ভুয়া ও জাল অকশন (নিলাম) পেপার তৈরির এক ভয়ংকর জালিয়াতি চক্র। টাকার বিনিময়ে যেকোনো অবৈধ চালানের জন্য তিনি সরকারি দপ্তরের হুবহু জাল কাগজ তৈরি করে দেন। গত কয়েক দিন আগেও সিলেটের পাইকারি বাজার কালিঘাটের এক অসাধু ব্যবসায়ীকে হরিপুর এলাকার একটি চালানের বিপরীতে সম্পূর্ণ জাল ও ভুয়া অকশনের কাগজপত্র তৈরি করে দিয়েছেন সনি।


এর বিনিময়ে ওই ব্যবসায়ীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। এই জাল কাগজের ওপর ভর করেই প্রতিদিন লাখ লাখ টাকার অবৈধ জিরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে।সরকারি উন্নয়নকাজের টেন্ডার বাণিজ্যেও সনির এই ‘আড়ালে থেকে দুর্নীতি’র কৌশল স্পষ্ট। ক্ষমতার অপব্যবহার ও সিন্ডিকেট তৈরি করে বিভিন্ন দপ্তরের টেন্ডার নিজের নিয়ন্ত্রণে নেন তিনি। সম্প্রতি সিলেটের কালিঘাটের রাস্তা মেরামতের একটি টেন্ডার এনে সনি তার দুর্নীতির চরম রূপ দেখিয়েছেন।


নিয়ম অনুযায়ী যে কাজ মাত্র ১ মাসে শেষ হওয়ার কথা ছিল, সনির জিম্মি দশা ও আর্থিক অনিয়মের কারণে তা শেষ করতে ৩ মাসেরও বেশি সময় লেগেছে। কাজ ঝুলিয়ে রেখে বাজেট ও বরাদ্দ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন তিনি, যার খেসারত দিতে হয়েছে সাধারণ মানুষ ও স্থানীয় ব্যবসায়ীদের।কালিঘাট ও হরিপুর কেন্দ্রিক এই বিশাল জালিয়াতি, চোরাচালান ও টেন্ডার দুর্নীতির নেপথ্য গডফাদার সনি আড়ালে থাকলেও তার খুঁটির জোর কোথায়, তা নিয়ে এখন নানা প্রশ্ন উঠছে।


পর্দার আড়ালে থাকা এই অপরাধীকে অবিলম্বে গ্রেপ্তার এবং তার পুরো সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়ার জন্য প্রশাসনের সর্বোচ্চ মহলের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় সচেতন মহল।



এই বিষয়ে সনির বক্তব্য জানার জন্য তার মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও কলটি সংযোগ করা সম্ভব হয়নি।


সিলেট প্রেস / এফ কে


কমেন্ট বক্স
নিজস্ব প্রতিবেদক:

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশ: ২০২৬-০৬-২৪ ১৪:৫৩:৫৪