খাগড়াছড়ির রামগড় উপজেলার দ্বিতীয় শ্রেণির মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে মো. শাহিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (৬ জুলাই) শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শায়েলা শারমিন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি মো. শাহিন (৫৩) রামগড় উপজেলার ২ নম্বর পাতাছড়া ইউনিয়নের রসুলপুর গ্রামের লেদু মিয়ার ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, ট্রাইব্যুনাল গঠনের পর এটিই প্রথম মামলার রায়। অত্যন্ত দ্রুততার সঙ্গে ঘটনার মাত্র ১১ মাস ১৪ দিনের মাথায় এ মামলার রায় দেওয়া হয়েছে। মামলা চলাকালীন রাষ্ট্রপক্ষে ১০ জন এবং আসামিপক্ষে তিনজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে আদালত রায় দেন।
মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) সৃজনী ত্রিপুরা। রায় পরবর্তী প্রতিক্রিয়ায় তিনি বলেন, ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে ট্রাইব্যুনাল এত দ্রুত রায় দিয়ে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এ রায়ের ফলে সমাজে অপরাধপ্রবণতা অনেকাংশে কমে আসবে এবং ভুক্তভোগী পরিবারটি ন্যায়বিচার পেয়েছে।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বেদারুল ইসলাম বলেন, এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।



















