জাহাঙ্গীরনগরে ভাড়াবাসায় ঢুকে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা, লম্পট বাড়িওয়ালার বিরুদ্ধে থানায় অভিযোগ

  • প্রকাশের সময় : ০৭/০৭/২০২৬ ০৬:৪২:০০ PM

Share
7

সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের জাহাঙ্গীরনগর এলাকায় এক ভাড়াটিয়া গৃহবধূকে (২৮) জোরপূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে বাড়ির মালিক আনছার আলীর (৪৫) বিরুদ্ধে।


গত সোমবার (৬ জুলাই) সকাল আনুমানিক ১১টার দিকে ভুক্তভোগী গৃহবধূর ভাড়াকৃত বাসার অভ্যন্তরে এই ঘটনা ঘটে। এই ঘটনায় মঙ্গলবার (৭ জুলাই) ভুক্তভোগী নারী বাদী হয়ে এয়ারপোর্ট থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।


অভিযুক্ত আনছার আলী জাহাঙ্গীরনগর গ্রামের মৃত উস্তার আলী বুদ্ধু মিয়ার ছেলে।


এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী তার পরিবার নিয়ে গত প্রায় চার মাস ধরে জাহাঙ্গীরনগর এলাকার ৫নং ওয়ার্ডের বাসিন্দা আনছার আলীর মালিকানাধীন কলোনির একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন। ঘটনার দিন সকালে স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে বাড়িওয়ালা আনছার আলী ভাড়ার টাকা আদায়ের অজুহাতে ওই গৃহবধূর কক্ষে প্রবেশ করেন। 


গৃহবধূ জানান, তার স্বামী আসার পর ভাড়ার টাকা পরিশোধ করা হবে। কিন্তু লম্পট প্রকৃতির আনছার আলী ভাড়ার টাকার কথা উপেক্ষা করে কুপ্রবৃত্ত চরিতার্থ করার উদ্দেশ্যে গৃহবধূর ওপর চড়াও হন।


একপর্যায়ে বিবাদী ওই গৃহবধূকে জাপটে ধরে বিছানায় ফেলে পরিধেয় বস্ত্র টেনেহিঁচড়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় সম্ভ্রম রক্ষার্থে গৃহবধূ তীব্র ধস্তাধস্তি করে নিজেকে মুক্ত করেন এবং দ্রুত বাথরুমে ঢুকে ভেতর থেকে দরজা আটকে আত্মরক্ষা করেন। ব্যর্থ হয়ে বাড়িওয়ালা আনছার আলী ঘটনাটি কাউকে জানালে বাসা থেকে বের করে দেওয়াসহ বড় ধরনের ক্ষতি করার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।


পরবর্তীতে ভুক্তভোগী নারী তার স্বামীকে বিষয়টি অবগত করলে, স্বামী স্থানীয় ইউপি সদস্যকে (ওয়ার্ড মেম্বার) হাফিজ মিয়াকে জানান। স্থানীয় জনপ্রতিনিধি ঘটনাটি শুনে ভুক্তভোগী পরিবারকে আইনি আশ্রয় নেওয়ার পরামর্শ দেন। 


এ বিষয়ে এয়ারপোর্ট থানা পুলিশ জানায়, অভিযোগটি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।


সিলেট প্রেস / aa


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৬-০৭-০৭ ১৮:৪২:০০