নজর থাকতো এটিএম বুথে, টার্গেট পেলেই...

  • প্রকাশের সময় : ১৫/০৪/২০২৩ ১০:৩২:৪০ AM

Share
61

চট্টগ্রাম নগরের ইপিজেডে পোশাক শ্রমিকের টাকা আত্মসাতের অভিযোগে রেশমি বেগম ওরফে তুফান নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে আত্মসাতের ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

শনিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন নগর পুলিশের ডিসি (বন্দর) শাকিলা সুলতানা। এর আগে, শুক্রবার ইপিজেডের চৌধুরী মার্কেটের পাশে একটি ব্যাংকের বুথের সামনে থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত রেশমি নগরের হালিশহর থানার ঈদগাঁ বড় পুকুর পাড় এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, ভুক্তভোগী বিলকিস আক্তার একটি পোশাক কারখানায় কাজ করেন। বুধবার রাত ৮টার দিকে ইপিজেডের চৌধুরী মার্কেটের পাশে ব্যাংকের বুথে টাকা তুলতে যান তিনি। ঐ সময় বুথে আগে থেকে ওত পেতে থাকা রেশমি বেগম টাকা তুলতে গিয়েছেন কিনা জানতে চান। উত্তর ইতিবাচক হলে বিলকিসের কাছ থেকে এটিএম কার্ড ও পাসওয়ার্ড চান রেশমি। বিলকিসও সরল বিশ্বাসে তা দিয়ে দেন।

এরপর বুথ থেকে বেরিয়ে ইন্টারনেট সমস্যার কারণে টাকা উত্তোলন করা যাচ্ছে না বলে জানান রেশমি। তাকে আরেকবার চেষ্টা করতে বলে রেশমি ঘটনাস্থল ত্যাগ করেন। বিলকিস পুনরায় টাকা উত্তোলনের চেষ্টা করলে কার্ডটি লক হয়ে যায়। পরে টাকা উত্তোলন না করেই তিনি চলে যান। কিন্তু ১০ মিনিট পর তিন দফায় ২৪ হাজার ৫০০ টাকা উত্তোলনের তিনটি খুদেবার্তা যায় তার মোবাইলে।

ডিসি শাকিলা সুলতানা বলেন, ভুক্তভোগী ঐ নারী শ্রমিক বিষয়টি টহল পুলিশকে জানালে তারা জিডি করার পরামর্শ দেন। এ ঘটনায় পরদিন থানায় মামলা হলে আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ঐ নারী দীর্ঘদিন ধরে গার্মেন্টস কর্মীদের টার্গেট করে এটিএম কার্ড জালিয়াতির মাধ্যমে টাকা আত্মসাৎ করে আসছিলেন।


সিলেট প্রেস / ১৫ এপ্রিল ২০২৩/আ


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৪-১৫ ১০:৩২:৪০