সিলেটের দক্ষিণ সুরমা থানার সাতমাইল পয়েন্ট ট্রাকের সাথে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে বৃদ্ধা নিহত হয়েছেন। তার নাম তাহেরা বেগম (৯০)। তিনি বিশ্বনাথের আমতৈল গ্রামের মৃত আব্দুল হান্নানের স্ত্রী।
শনিবার রাত সোয়া ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
এ দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তারা হলেন দুদু মিয়া (৬০) ও মাহদিয়া (১৪)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দক্ষিণ সুরমার সাতমাইল পয়েন্টে দ্রুত গতির একটা ট্রাকের সাথে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটলে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়।
তাহেরা বেগম ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। আর মারাত্মক আহত অবস্থায় দুদু মিয়া ও কিশোরী মাহদিয়াকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ওসি শামসুদ্দোহা পিপিএম।
তিনি বলেন, পেছন দিক থেকে দ্রুতগতির একটা ট্রাক অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বৃদ্ধা নিহত হন। ট্রাকটি আটক সম্ভব হয়নি।




















