একজোড়া বলদ গরু। কাঁধে কাঠের তৈরি জোয়াল। জোয়ালের সঙ্গে বাঁধা লাঙল। গরুর মুখে লাগানো বাঁশ দিয়ে তৈরি টোনা। কৃষকের হাতে বাঁশের কঞ্চি দিয়ে তৈরি লাঠি। যা গরু তাড়ানোর কাজে ব্যবহার করা হয়। জোয়ালের সঙ্গে লাঙল আর গরুর মুখে টোনা লাগাতে ব্যবহার করা হয় শক্ত দড়ি।
একটা সময় সিলেট অঞ্চলের ফসলি মাঠে মাঠে গরু দিয়ে হাল চাষের দৃশ্যে গ্রামবাংলার চিরচেনা রূপ ফুটে উঠত। সময়ের পরিক্রমায় আর আধুনিক যন্ত্রের বদৌলতে হারিয়ে যাচ্ছে প্রাচীনকাল থেকে জমি আবাদে চলে আসা সিলেটের গ্রামবাংলার ঐতিহ্য গরু-লাঙল দিয়ে হাল চাষের চিত্র।
কৃষি সংশ্লিষ্টরা বলছেন, ফসল ও জমির মাটির জন্য গরু দিয়ে হালচাষ উত্তম। এ পদ্ধতিতে হাল চাষের ফলে লাঙলের ফলা মাটিতে গেঁথে গিয়ে মাটিকে ওলট-পালট করে দেয়। এতে মাটির নিচের স্তরের পুষ্টিগুণ উপরে উঠে আসে এবং মাটির উপরের আগাছা ও ফসলের অবশিষ্ট নিচে চাপা পড়ে জৈব সারে পরিণত হয়। এ ছাড়া মাটিতে বায়ু চলাচলের পরিমাণ বাড়িয়ে এবং মাটির আদ্রতা ধরে রাখতেও সাহায্য করে। তবে কৃষিকে যুগোপযোগী এবং লাভজনক করতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার অনস্বীকার্য।
প্রবীণ ব্যক্তিরা জানান, এক সময় গরু দিয়ে হাল চাষ ছাড়া ফসল আবাদের আর কোনো উপায় ছিল না। তাই প্রতিটি গৃহস্থ পরিবারে ছিল হালচাষ উপযোগী গরু, লাঙল, জোয়াল ও মই। এগুলো ছাড়া কোনো গৃহস্থ পরিবার কল্পনাই করা যেত না। অনেকেই অন্যের ক্ষেতে গরু দিয়ে হালচাষ করে জীবিকা নির্বাহ করতেন। কৃষিতে আমূল পরিবর্তন ও আধুনিক চাষ যন্ত্রের ব্যবহার প্রান্তিক কৃষকদের দোরগোড়ায় পৌঁছার কারণে দিন দিন গৃহস্থ পরিবারেও এসেছে পরিবর্তন। এখন আর গৃহস্থ পরিবারে সেই চিত্র নেই। যার ফলে এ জনপদ থেকে বিলুপ্ত হয়ে পড়ছে আবহমান বাংলার চিরচেনা ঐতিহ্য গরু-লাঙলের হালচাষ।
স্থানীয় বাসিন্দারা বলেন, এক সময় সিলেটের বিভিন্ন জনপদের ফসলি মাঠের দিকে নজর পড়তে দেখা যেত গরু-লাঙল দিয়ে হাল চাষের দৃশ্য। এখন হাল চাষের জন্য মেশিন বেরিয়েছে। যাতে অল্প সময়ে বেশি জমি চাষ করা যায়। ফলে দিন দিন গ্রামীণ ঐতিহ্য থেকে হারিয়ে যাচ্ছে হালচাষের এ পদ্ধতি।
তারা বলেন, কৃষিতে সমৃদ্ধি আসায় জমি চাষে এখন কৃষকরা আধুনিক যন্ত্র ব্যবহার করছে। ফলে গরু দিয়ে হাল চাষের গ্রামীণ ঐতিহ্য বিলুপ্ত হয়ে পড়ছে।
সংশ্লিষ্টরা জানান, একটা সময় গরু-লাঙল ছাড়া জমি চাষের কথা চিন্তাই করা যেত না। ফসল ও জমির মাটির জন্য গরু দিয়ে হালচাষ উত্তম। তবে ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য নিরাপত্তা নিশ্চিত, কৃষিকে যুগোপযোগী এবং লাভজনক করতে কৃষি যান্ত্রিকীকরণের দিকে আমাদের যেতে হবে। কৃষিকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তরিত করতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার নিশ্চিত করতে হবে।
সিলেটপ্রেস প্রতিবেদক




















