গ্রাহক সেবায় নতুন দিগন্ত: জুড়ীতে সিটি ব্যাংকের যাত্রা শুরু

  • প্রকাশের সময় : ২২/০৬/২০২৬ ১০:৩৭:১৩ PM

Share
6

মৌলভীবাজারের জুড়ীতে আধুনিক ও ওয়ান-স্টপ ব্যাংকিং সেবা নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক 'সিটি ব্যাংক'।

আজ সোমবার (২২ জুন) এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার শিশু পার্ক সংলগ্ন শরিফ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় নতুন এই শাখার শুভ উদ্বোধন করা হয়।নতুন শাখাটির উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী, সাংবাদিক ও সুধীসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে জুড়ী শাখার ব্যাংকিং রূপরেখা তুলে ধরেন নবউদ্বোধিত জুড়ী শাখার ম্যানেজার শুভ্র দাস শুভ।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিটি ব্যাংকের সিলেট বিভাগীয় প্রধান শাহ হাসান।

এছাড়াও বক্তব্য রাখেন সিলেট আম্বরখানা শাখার ম্যানেজার সারোয়ার আহমেদ ফেরদৌস, মৌলভীবাজার শাখার ম্যানেজার মামুন রহমান, কুলাউড়া শাখার ম্যানেজার মামুন আলী এবং বড়লেখা শাখার ম্যানেজার মাহমুদুল হাসান।আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন জুড়ী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ সাংবাদিক সমিতি জুড়ী উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক ও হাকালুকি নিউজ সম্পাদক এম এম সামছুল ইসলাম, জুড়ী কামিনীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি নূরুল আম্বিয়া এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য কাজী আমজাদ হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, জুড়ীতে সিটি ব্যাংকের এই নতুন শাখা চালুর ফলে স্থানীয় ব্যবসায়ী, প্রবাসী ও সাধারণ গ্রাহকরা এখন হাতের কাছেই আন্তর্জাতিক মানের আধুনিক ব্যাংকিং সুবিধা পাবেন। এই অঞ্চলের অর্থনৈতিক গতিশীলতা ও ব্যবসা-বাণিজ্যের প্রসারে নতুন এই শাখাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিরা ফিতা কেটে ব্যাংকের আনুষ্ঠানিক কার্যক্রমের শুভ সূচনা করেন।


সিলেট প্রেস / এস


কমেন্ট বক্স
জালালুর রহমান, জুড়ী

জালালুর রহমান, জুড়ী

প্রকাশ: ২০২৬-০৬-২২ ২২:৩৭:১৩