সিলেট মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে গত ৩২ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। গত ৬ জুলাই রাত ১২টা থেকে ৭ জুলাই সকাল ৮টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে বিভিন্ন অপরাধে মোট ১৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী, মাদক ব্যবসায়ী, হকার, জুয়াড়ি এবং সন্দেহভাজন ব্যক্তি রয়েছেন। এছাড়া ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত ও মেট্রো অধ্যাদেশ মোতাবেক বেশ কয়েকজন আসামিকে গ্রেফতার করা হয়।
অভিযানকালে আসামিদের কাছ থেকে ৩৯ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৫৩ হাজার ৬০ টাকা এবং ২১০০ কেজি ভারতীয় বাশমতি চাল উদ্ধার করা হয়েছে।
এদিকে মহানগরীতে শৃঙ্খলা ফেরাতে একই সময়ে ট্রাফিক বিভাগও জোরদার অভিযান চালিয়েছে। নিয়মনীতি অমান্য করায় ৬৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ৭১টি যানবাহন আটকসহ মোট ১৩৭টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এসএমপি জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
নিজস্ব প্রতিবেদক:




















